মুক্তিপণের দাবিতে তিন জেলেকে অপহরণের অভিযোগ
পাঁচ লাখ টাকা মুক্তিপণের দাবিতে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের নদীতে মাছ ধরার সময় তিন জেলেকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানী লোকজন বলছেন, গতকাল শনিবার মালঞ্চ নদের হাঁড়িভাঙা এলাকায় বনদস্যু জোনাব বাহিনী তাঁদের অপহরণ করে।
অপহৃত জেলেরা হলেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর গ্রামের রাহুল মোড়ল (২৩), একই এলাকার হাবিবুর রহমান (২৬) ও তাঁর ভাই আবু মোছা (২৯)।
রাহুল মোড়লের বাবা গোলাম মোস্তফা মোড়লের অভিযোগ, রাহুল, হাবিবুর, আবু মোছাসহ কয়েকজন গত শুক্রবার সাতক্ষীরা রেঞ্জের কদমতলা স্টেশন থেকে মাছ ধরার অনুমতি নিয়ে সুন্দরবনে যান। মাছ ধরার সময় বনদস্যু জোনাব বাহিনীর পরিচয়ে তাঁদের আটক করা হয়। সেখান থেকে তাঁদের গহিন বনে নিয়ে যাওয়া হয়। পরে তাঁদের কাছে মুক্তিপণ বাবদ পাঁচ লাখ টাকা চাওয়া হয়। তাঁরা টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তিন জেলেকে আটকে রেখে বাকিদের মারধর করে ছেড়ে দেওয়া হয়।
মুন্সিগঞ্জ ইউনিয়র পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মোস্তফা শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ফিরে আসা জেলেদের ব্যাপক নির্যাতন করেছে বনদস্যুরা। তাঁরা স্থানীয় গ্রাম্য চিকিৎসকের চিকিৎসায় আছেন। আটকে রাখা জেলেদের পরিবারের পক্ষ থেকে বনদস্যুদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কদমতলা স্টেশন কর্মকর্তা মো. নাছিরউদ্দিন বলেন, ‘তিনজন জেলেকে মুক্তিপণের দাবিতে অপহরণ করেছে জোনাব বাহিনী। আরও কয়েকজনকে ব্যাপক মারধরের পর ছেড়ে দিয়েছে বলে শুনেছি। সুন্দরবনের কোথায় আটকে রাখা হয়েছে, তা অনুসন্ধান করা হচ্ছে।’
তবে এ বিষয়ে এখনো কিছু জানেন না বলে জানালেন শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আব্দুল মান্নান আলী।