মুক্তিপণের দাবিতে সুন্দরবনে ১৫ জেলে অপহৃত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্ব সুন্দরবনের শরণখোলা ও চাঁদপাই রেঞ্জ এলাকা থেকে অন্তত ১৫ জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা। জনপ্রতি এক লাখ টাকা মুক্তিপণের দাবিতে ওই জেলেদের অপহরণ করা হয়েছে। ধানসাগর স্টেশনের শ্যালা নদীর আড়ুয়াবয়া এলাকা থেকে গত রোববার
ভোর পাঁচটার দিকে তাঁদের অপহরণ করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলার বনসংলগ্ন উত্তর রাজাপুর এলাকার দুজন মাছ ব্যবসায়ী জানিয়েছেন, শরণখোলা উপজেলার উত্তর রাজাপুর, পশ্চিম রাজাপুর, ধানসাগর, রতিয়া রাজাপুরসহ বিভিন্ন এলাকার জেলেরা আড়ুয়াবয়া খালে মাছ ধরতে যান। প্রায় ৩৫টি নৌকার প্রতিটিতে তিন থেকে চারজন করে জেলে ছিলেন।
গত রোববার ভোর পাঁচটার দিকে ‘সাহেব নামের গোলাম’ বাহিনীর ১৫-১৬ জন সশস্ত্র দস্যু জেলেবহরে হানা দেয়। পরে এসব নৌকা থেকে ১৫ জেলেকে অপহরণ করে নিয়ে যায়।
দস্যুরা অপহৃত প্রতি জেলের কাছ থেকে এক লাখ টাকা মুক্তিপণ চায়। টাকা আদায়ের জন্য জেলেদের মাধ্যমে মহাজনদের কাছে তাঁদের মোবাইল নম্বর পাঠিয়ে দেয়। মহাজনেরা গতকাল সোমবার সন্ধ্যায় এ নম্বরগুলো পান।
স্থানীয় জেলে ও মহাজনেরা জানান, সাহেব নামের গোলাম বাহিনীর নাম তাঁরা আগে শোনেননি। সুন্দরবনের বনদস্যু বেল্লাল বাহিনীর প্রধান বেল্লাল ফরাজী ৫ এপ্রিল যৌথ বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়। জেলে ও মহাজনদের ধারণা, বেলালের সহযোগীরা এ দল গঠন করেছে।
অপহৃত জেলেদের মধ্যে ১১ জনের নাম জানা গেছে। তাঁরা হলেন রাজীব, মহিদুল, ইয়াকুব, শামীম, মান্নান, ইসমাইল, শাহিন গাজী, রাজ্জাক ফকির, ইলিয়াস, বাদশা ও মুজাহার আলী। তাঁদের সবার বাড়ি বাগেরহাটের শরণখোলা উপজেলার বিভিন্ন গ্রামে।
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা বেলায়েত হোসেন ও ধানসাগর স্টেশনের কর্মকর্তা সুলতান মাহমুদ হাওলাদার জানান,
জেলেদের মাধ্যমে তাঁরা অপহরণের খবর পেয়েছেন। ধানসাগর নৌ পুলিশ ফাঁড়িকে বিষয়টি জানানো হয়েছে।
জানতে চাইলে কোস্টগার্ড পশ্চিমাঞ্চলের অপারেশন কর্মকর্তা লে. কমান্ডার গোলাম রাব্বানী প্রথম আলোকে বলেন, এ রকম কোনো অভিযোগ তাঁদের কাছে আসেনি। ওই এলাকায় টহল দল কাজ করছে। ঘটনার সত্যতা পাওয়া গেলে অপহৃত জেলেদের উদ্ধারে অভিযান পরিচালনা করা হবে।