মুক্তিপণের সব টাকা না পেয়ে শিশুকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিপণের সব টাকা না পেয়ে ক্ষুব্ধ হয়ে ১০ বছরের জুনায়েদকে হত্যা করেছে অপহরণকারীরা। তারা জুনায়েদের কোমরে প্রায় ২০ কেজি ওজনের বালির বস্তা বেঁধে লাশ হাওরে ডুবিয়ে দিয়েছে।

আজ সোমবার বেলা দুইটার দিকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের ধরন্তি হাওর এলাকা থেকে লাশটি পুলিশ উদ্ধার করে।

গত শনিবার সন্ধ্যায় উপজেলার আলীনগর জামিয়া ইসলামিয়া (কওমি) মাদ্রাসা এলাকা থেকে জুনায়েদকে অপহরণ করা হয়। জুনায়েদ ওই মাদ্রাসার ছাত্র ছিল। সে উপজেলার পানিশ্বর ইউনিয়নের টিঘর গ্রামের রফিকুল হকের ছেলে।

জুনায়েদের বাবা রফিকুল হক একজন প্রান্তিক কৃষক। কোনো রকমে চলে তাঁর ছয় সন্তানসহ আট সদস্যের সংসার। আর সংসার চালাতে গিয়ে নিজের সামান্য কিছু জমির পাশাপাশি অন্যের জমিতে কাজ করতে হয় তাঁকে। এ অবস্থায় মুক্তিপণের পুরো টাকা দিতে না পেরে ছেলেকে হারিয়ে রফিকুল ও তাঁর স্ত্রী এখন শয্যাশায়ী। রফিকুলকে বর্তমানে স্যালাইন দিয়ে রাখা হয়েছে।

জুনায়েদের চাচা নাজমুল হক প্রথম আলোকে বলেন, গত শনিবার সন্ধ্যায় জুনায়েদকে অপহরণ করার পর রাত ১০টার দিকে অপহরণকারীরা মোবাইলে তাঁর কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এরপর দুইবার ফোন দেয় অপহরণকারীরা। সর্বশেষ তারা এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
তখন অপহরণকারীরা জানায়, জুনায়েদ ঢাকায় আছে। টাকা দিতে কোনো কৌশল অবলম্বন করলে বা টাকা দিতে ব্যর্থ হলে জুনায়েদকে মেরে ফেলার হুমকি দেয় তারা। পরে ওই রাতেই নাজমুল হক এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি করেন।
গতকাল রোববার সকালে অপহরণকারীরা আবারও ফোন দেয় এবং সন্ধ্যার মধ্যে পুরো টাকা দিতে না পারলে জুনায়েদকে হত্যার হুমকি দেয়। পরে সকালেই গ্রামের একটি দোকান থেকে বিকাশের মাধ্যমে ২০ হাজার টাকা মুক্তিপণ পাঠালেও পুরো টাকা দিতে পারেনি জুনায়েদের পরিবার।
আজ অপহরণকারীরা নাজমুল হককে ফোন করে জুনায়েদের হত্যার বিষয়টি নিশ্চিত করে বলে, কথা কাজে মিল না থাকায় এ ঘটনা ঘটানো হয়েছে। লাশ উপজেলার ধরন্তি হাওর এলাকার সোনালি ইটভাটার আশপাশে রয়েছে।

বেলা পৌনে দু্ইটার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, নাজমুল হক চিৎকার করে বলছেন, ‘আমরা গরিব মানুষ এত টাকা এত তাড়াতড়ি দিমু কেমনে, টাকা দিতে দেরি অইছে এই জন্য হেরে (জুনায়েদকে) মাইরা ফালাইছে।’

সরাইল থানার পুলিশ দুপুর দুইটার দিকে সোনালি ইটভাটার ২০০ মিটার পশ্চিমে হাওর থেকে জুনায়েদের লাশ উদ্ধার করে। তার কোমরে প্রায় ২০ কেজি ওজনের বালির বস্তা বাঁধা ছিল।

এদিকে জুনায়েদকে হত্যার প্রতিবাদে আজ বিকেল চারটার দিকে ওই মাদ্রাসার ছাত্র-শিক্ষক ও অভিভাবকেরা উপজেলা শহরে বিক্ষোভ মিছিল বের করেছে। তারা ঘটনার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবি জানায়।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আলী আরশাদ বলেন, ‘পুরো ঘটনাটি আমরা পর্যবেক্ষণ করছি। আশা করি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করতে সক্ষম হব।’