মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত জাহাজ কেটে বিক্রির চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত জাহাজ এমভি একরাম কেটে বিক্রির চেষ্টা চালিয়েছে একটি মহল। খবর পেয়ে পুলিশ গিয়ে জাহাজ কাটার কাজ বন্ধ করে দেয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর গোলাবারুদ বহনের কাজে ব্যবহৃত হয়েছিল এমভি একরাম কার্গো জাহাজটি। মুক্তিযোদ্ধারা চাঁদপুরের ডাকাতিয়া নদীতে এটি ডুবিয়ে দেন। ২০০৮ সালে বন্দরের সোনাকান্দা এলাকার মোক্তার হোসেন বাংলাদেশ শিল্প ব্যাংক থেকে নিলামে কিনে ডাকাতিয়া নদী থেকে একই বছরের ১৪ নভেম্বর জাহাজটি উদ্ধার করেন। পরে জাহাজটি বন্দরের সোনাকান্দায় শাহেন শাহর ডকইয়ার্ডে এনে রাখা হয়। জাহাজটি মুক্তিযুদ্ধের স্মৃতি হিসেবে সংরক্ষণের জন্য সারা দেশের মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে দাবি ওঠে। দাবির পরিপ্রেক্ষিতে ২০০৯ সালের ১৭ আগস্ট মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এটিকে সংরক্ষণ করার সিদ্ধান্ত নেয়। এরপর থেকে জাহাজটি শাহেন শাহর ডকইয়ার্ডেই আছে। জাহাজটি ১৯৬৫ সালে হল্যান্ডে নির্মিত হয়। একই বছরের ১৯ ফেব্রুয়ারি জাহাজটি রেজিস্ট্রেশন হয় এমভি একরাম নামে। স্বাধীনতার পর জাহাজটি বাংলাদেশ শিল্প ব্যাংকের অধীনে চলে আসে।

গতকাল প্রভাবশালী দুই ব্যক্তি জাহাজটি কাটা শুরু করেন। এ ঘটনায় মোক্তার হোসেন থানায় অভিযোগ করেন। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে জাহাজ কাটার বৈধ কাগজপত্র আছে কি না, দেখতে চায়। কিন্তু কাগজপত্র না থাকায় পুলিশ জাহাজ কাটা বন্ধ করে দেয়।

বন্দর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবদুল লতিফ বলেন, এমভি একরাম মুক্তিযুদ্ধের স্মৃতি। এটা কাটা বা পরিবর্তন করা যাবে না। মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে যারা জাহাজটি কাটার চেষ্টা করেছে, তারা মুক্তিযোদ্ধা হতে পারে না। তাদের উদ্দেশ্য খারাপ।

বন্দর থানার উপপরিদর্শক (এসআই) মোখলেসুর রহমান বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে নূরে আলম ও জসিম নামের দুই ব্যক্তিকে জাহাজ কাটার কাজে পাওয়া যায়। তাঁদের কাছে কোনো কাগজপত্র না পেয়ে জাহাজ কাটা বন্ধ করে দেওয়া হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, ‘মুক্তিযোদ্ধাদের একটি পক্ষই জাহাজটিতে কাজ করছিল। আমরা তা বন্ধ করে দিয়েছি। জাহাজটি সংশ্লিষ্ট বিভাগের অনুমতি ছাড়া বিক্রি বা অন্যত্র সরানো যাবে না।’