মুক্তিযোদ্ধা কমপ্লেক্স করতে হাসপাতালের জমি দখল
বগুড়ার সারিয়াকান্দিতে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ করার জন্য রাতের আঁধারে দখল করা হয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৪৩ শতাংশ জমি। ক্ষমতাসীন আওয়ামী লীগের স্থানীয় সাংসদ আবদুল মান্নানের বাসায় এক বৈঠকের পর তাঁর অনুসারীরা এ জমি দখল করে নেন বলে অভিযোগ পাওয়া গেছে। জমির মূল্য প্রায় দুই কোটি টাকা।
হাসপাতালের জায়গা দখল করার এ ঘটনা গত ২১ নভেম্বরের। জায়গাটি দখলমুক্ত করতে ওই দিনই স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশাসক বিধানচন্দ্র মজুমদার সংশ্লিষ্ট প্রশাসনের কাছে আবেদন করেন। তবে অদ্যাবধি এটি দখলমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়নি। ইতিমধ্যে তাঁকে এই স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বদলি করা হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় ২০-২৫ জন বলেন, সাংসদের সম্মতিতেই হাসপাতালের জায়গা দখল করা হয়েছে। তাঁর সম্মতি ছাড়া সরকারি হাসপাতালের এই জায়গা দখল করা দুঃসাধ্য।
সরেজমিনে দেখা গেছে, স্বাস্থ্য কমপ্লেক্সের পুরোনো ভবন চত্বরে আধা পাকা ও কাঁচা ঘরসহ পুরো ফাঁকা জায়গা দখল করা হয়েছে। সেখানে ঝুলছে ‘উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের নির্ধারিত স্থান’ লেখা সাইনবোর্ড।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আলী আজগরের দাবি, ‘জায়গাটি হিন্দু সম্প্রদায়ের এক ব্যক্তির। মালিকের অবর্তমানে সুনীলকুমার প্রামাণিক নামের তাঁর এক উত্তরাধিকারীকে সাংসদ আবদুল মান্নানের বাসায় ডেকে নেওয়া হয়। তিনি সেখানে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণে ১২ শতক জমি দিতে রাজি হলে জায়গাটি দখলে নেওয়া হয়।’
তবে জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) প্রত্যয় হাসান বলেন, ‘রেকর্ড অনুযায়ী জায়গাটির মালিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণের জন্য প্রায় দেড় কোটি টাকা বরাদ্দ আসার পর স্বাস্থ্য কমপ্লেক্সের ওই জায়গায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণের প্রস্তাব দেওয়া হয়। তখন মুক্তিযোদ্ধাদের স্বাস্থ্য কমপ্লেক্সের অনাপত্তিপত্র আনার পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু জায়গাটি ব্যক্তিমালিকানার দাবি করে মুক্তিযোদ্ধারা এক ব্যক্তির কাছ থেকে দলিল করতে সাবরেজিস্ট্রি কার্যালয়ে আসেন। যাঁর কাছ থেকে জমির দলিল করে নেওয়া হচ্ছিল তিনি ওই সম্পত্তির কোনো উত্তরাধিকারীই নন। এমনকি দলিলে জমিদাতার বাবার যে নাম ব্যবহার করা হচ্ছিল সেটির সঙ্গে ব্যাংক ঋণের নথিতে লেখা বাবার নামের কোনো মিল নেই। তাই দলিল করার বিষয়টি আটকে দেওয়া হয়েছে।’
স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশাসক ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিধানচন্দ্র বলেন, ‘ভূমি কার্যালয়ের নথিতেই জায়গাটি স্বাস্থ্য কমপ্লেক্সের বলে উল্লেখ রয়েছে। দখলকারীরা জায়গাটি ব্যক্তিমালিকানার দাবি করলেও তা অনেক আগেই সরকার হুকুমদখল করে নিয়েছে। এরপর মাঠ রেকর্ড থেকে শুরু করে নামজারি ও খাজনা পরিশোধ করে আসছে সরকার। হুকুমদখলের পর কোনো সম্পত্তি বিক্রি করা বৈধ নয়। ভুয়া একজনকে সম্পত্তির ওয়ারিশ বানিয়ে সরকারি প্রায় দুই কোটি টাকার সম্পত্তি আত্মসাৎ করার চেষ্টা হচ্ছে। দখলের পরপরই বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসন ও স্বাস্থ্য অধিদপ্তরকে জানানো হয়। কিন্তু আজও তা দখলমুক্ত হয়নি।’
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এ বি এম রেজাউল করিম বলেন, ‘শৈশব থেকেই দেখে আসছি, জায়গাটি হাসপাতালের। এখন ভুয়া কাগজপত্র তৈরি করে তা রাতারাতি দখলে নেওয়ায় মুক্তিযোদ্ধাদের সম্পর্কে সাধারণ মানুষের নেতিবাচক ধারণা তৈরি হয়েছে।’
জায়গার মালিকানা দাবিদার সুনীলকুমার প্রামাণিকের ভাষ্য, উত্তরাধিকার সূত্রে জায়গাটির মালিক তিনি। কিন্তু রেকর্ড, খারিজ ও খাজনামূলে হাসপাতাল তা এত দিন দখলে রেখেছিল। মুক্তিযোদ্ধারা তাঁকে সাংসদের বাসায় ডেকে নিয়ে জায়গা উদ্ধার করে দেওয়ার শর্তে কমপ্লেক্স নির্মাণে ১২ শতক লিখে চান। তিনি তাতে রাজি হলে তাঁরা জায়গাটি দখলে নেন।
জেলা সিভিল সার্জন আফজাল হোসেন তরফদার বলেন, ‘হাসপাতালের জায়গা দখল করে মুক্তিযোদ্ধা সংসদের মতো স্পর্শকাতর একটি সংগঠনের সাইনবোর্ড লাগানো হয়েছে। বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তরকে লিখিতভাবে জানানো হয়েছে।’
সাংসদের বক্তব্য: অভিযোগের ব্যাপারে জানতে চাইলে আবদুল মান্নান বলেন, ‘দেশের স্বাধীনতার জন্য মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন। অথচ সারিয়াকান্দিতে তাঁরা ঠিকানাহীন। মুক্তিযোদ্ধাদের ঠিকানা করে দিতেই কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নিয়েছি। কিন্তু কোনো বিতর্কিত জায়গায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণের ঘোর বিরোধী আমি।’
সাংসদ বলেন, ‘জায়গাটির মালিকানা দাবিদার একজনকে আমার কাছে নিয়ে এসেছিলেন মুক্তিযোদ্ধারা। ওই ব্যক্তি কমপ্লেক্স নির্মাণের জায়গা দিতে চান। আমি মুক্তিযোদ্ধাদের বলেছি, কাগজপত্র ঠিকঠাক থাকলে জমি রেজিস্ট্রি করে নিন। কিন্তু হাসপাতালের কোনো সরকারি জায়গা দখল করতে বলিনি। আমি এলাকার সাংসদ। মুক্তিযোদ্ধাদের ঠিকানা করে দিতে কমপ্লেক্স নির্মাণ করে দেওয়া যেমন আমার দায়িত্ব, তেমনি হাসপাতালের সরকারি জায়গা রক্ষা করাও দায়িত্ব।’
সাংসদ আরও বলেন, ‘জায়গাটি টিন দিয়ে ঘিরে নেওয়ার খবর পেয়ে ওই দিনই জমির মালিকানা প্রকৃতপক্ষে কার তা নিরূপণে দুপক্ষের কাগজপত্র যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নিতে ইউএনওকে নির্দেশ দিয়েছি। জায়গাটি ব্যক্তিমালিকানার হলে সেখানে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হবে আর হাসপাতালের হলে যথাযথ আইনি প্রক্রিয়ায় স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ইজারা নিতে হবে।’