মুক্তিযোদ্ধা পরিবারকে হয়রানির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আগ্রাবাদে এক মুক্তিযোদ্ধা পরিবারকে ধারাবাহিকভাবে হয়রানি করার অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। জমিসংক্রান্ত বিরোধের জেরে এই হয়রানির ঘটনা ঘটছে বলে মোফাজ্জেলুর রহমান নামের ওই মুক্তিযোদ্ধা ও তাঁর সন্তানেরা গতকাল বুধবার সংবাদ সম্মেলন করে অভিযোগ করেন।

নগরের প্রেসক্লাবে সকালে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন মোফাজ্জেলুর রহমানের মেয়ে ফারজানা কুলসুমা। এ সময় মোফাজ্জেলুর রহমান ছাড়াও পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, ১৯৯৬ সালে মোফাজ্জেলুর রহমান আগ্রাবাদ আবিদরপাড়ায় ১১৭ শতাংশ জমি কেনেন। পরবর্তী সময়ে সেখানে একটি টিনশেড ঘর তুলে ভাড়া দিলে পাশের বাসিন্দা আবু সিদ্দিক ভাড়াটেদের ভয়ভীতি দেখাতে শুরু করেন। বেশ কয়েকবার ভাড়াটেদের মেরে বের করে দেওয়ার ঘটনাও ঘটে। সর্বশেষ ১৭ জুলাই আবু সিদ্দিক ওই ঘর থেকে ভাড়াটেদের বের করে দিয়ে তালা ঝুলিয়ে দেন।

লিখিত বক্তব্যে আরও অভিযোগ করা হয়, জমি নিয়ে এই বিরোধের জেরে গত ১২ মে ফারজানার ওপর হামলা হয়। হামলায় গুরুতর আহত হয়ে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তারও আগে ২০১৩ সালে ফারজানা ও তাঁর ভাই সাইফুর রহমানের ওপর আবু সিদ্দিক দলবল নিয়ে হামলা চালান। এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে আবু সিদ্দিক প্রথম আলোকে বলেন, ‘ওই জমি আমার। আমার ঘরে আমি তালা দিয়ে রেখেছি। তারা আমার বিরুদ্ধে এই পর্যন্ত তিন-চারটি মামলা করেছে। হামলার ঘটনা সব মিথ্যা।’