মুক্তিযোদ্ধা লাঞ্ছিত, যুবলীগ নেতার কার্যালয় ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের গাংনীতে আবু বক্কর (৭২) নামের এক মুক্তিযোদ্ধাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে। পৌর নির্বাচন নিয়ে তর্কবিতর্কের জের ধরে গত বুধবার সন্ধ্যায় গাংনী হাসপাতাল বাজারের একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানা যায়, বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে হাসপাতাল বাজারে পচা মিয়ার চায়ের দোকানে রাজনৈতিক আলোচনা চলছিল। এ সময় গাংনী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের চৌগাছা গ্রামের বাসিন্দা আবু বক্করের সঙ্গে ২ নম্বর ওয়ার্ডের সদ্য সাবেক কাউন্সিলর আলেহিমের তর্কবিতর্ক হয়। একপর্যায়ে আলেহিম আবু বক্করকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। স্থানীয় লোকজনের সহায়তায় আবু বক্কর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ দায়েরের সময় আবু বক্কর সাংবাদিকদের বলেন, গাংনী পৌরসভা নির্বাচনে তিনি আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী আশরাফুল ইসলামের জগ প্রতীকের সমর্থক ছিলেন। আলেহিম ছিলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আহমেদ আলীর নৌকা প্রতীকের কর্মী। পছন্দের প্রার্থীকে ভোট দেওয়া নিয়ে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে আবু বক্করের নাকে ঘুষি মারেন আলেহিম। জগ প্রতীকে ভোট দেওয়ার অপরাধে তাঁকে গালাগাল করেন তিনি।
এদিকে একই সময়ে মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার ঘটনার প্রতিবাদে আলেহিমসহ তাঁর সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে শহরে বিক্ষোভ মিছিল বের করেন আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মীরা। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। একপর্যায়ে মিছিলের পেছন থেকে বিক্ষুব্ধ কর্মী-সমর্থকেরা হাসপাতাল বাজারে উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মজিরুল ইসলামের ব্যক্তিগত কার্যালয়ে ভাঙচুর চালান। আলেহিম ও মজিরুল একই সঙ্গে রাজনীতি করেন। একই সঙ্গে মিছিল থেকে পাশেই কাথুলী মোড়ের একটি চায়ের দোকানে ভাঙচুর চালানো হয়। এ সময় গাংনী শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দোকানপাট বন্ধ করে ব্যবসায়ীরা দ্রুত চলে যান। বাজারে মানুষের চলাচলও কমে যায়।
বিক্ষোভ মিছিলটি হাসপাতাল বাজার থেকে ফিরে বাসস্ট্যান্ডে প্রতিবাদ সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
মজিরুল ইসলাম অভিযোগ করেন, ভাঙচুরের সময় বিক্ষোভকারীরা অফিসের ভেতরে দেয়ালে টাঙানো বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ছিঁড়ে ফেলেন। আলেহিম বলেন, মুক্তিযোদ্ধা আবু বক্করের সঙ্গে বাগ্বিতণ্ডা হয়েছে, তবে তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়নি।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক বলেন, মজিরুলের কার্যালয়ে ভাঙচুরে আওয়ামী লীগের নেতা-কর্মীরা জড়িত নন। মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার প্রতিবাদে শিগগিরই কর্মসূচি দেওয়া হবে।