মুক্তিযোদ্ধাকে সস্ত্রীক শ্বাসরোধে হত্যা
সন্তানেরা অনেক আগেই ভারতে গিয়ে স্থায়ীভাবে বসবাস করছেন। বহুবার বাবা-মাকে সঙ্গে থাকার অনুরোধ করেছেন। কিন্তু যে দেশের জন্য প্রাণ বাজি রেখে যুদ্ধ করেছেন, সেই দেশকে ছেড়ে কখনোই যেতে চাননি তাঁরা। শেষ পর্যন্ত দুর্বৃত্তদের হাতেই খুন হয়ে পৃথিবী ছেড়ে চিরতরে চলে যেতে হলো।
গত শনিবার রাতে নাটোরের সিংড়া উপজেলার পারসাঁঐল গ্রামের এই মুক্তিযোদ্ধা ননী গোপাল কুন্ডুকে সস্ত্রীক শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে কী কারণে এবং কারা তাঁদের খুন করল, সেটি তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সিংড়া থানার পুলিশ ও প্রতিবেশীদের সূত্রে জানা যায়, গতকাল রোববার সকালে প্রতিবেশীরা ঘুম থেকে উঠে ননী গোপালের (৭২) বাড়ির সামনে টিউবওয়েলের পাশে তাঁর স্ত্রী চিতরা রানী কুন্ডুর (৫৫) মৃতদেহ দেখতে পান। এ সময় তাঁর মুখে গামছা গোঁজা ছিল। পরে দম্পতির শোয়ারঘরে গিয়ে প্রতিবেশীরা ননী গোপালেরও মৃতদেহ দেখতে পান। বিছানার ওপর হাত-পা বাঁধা অবস্থায় তাঁর মৃতদেহ উপুড় হয়ে পড়ে ছিল। উভয়ের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে দুর্বৃত্তরা তাঁদের হত্যা করেছে।
দম্পতির দূর সম্পর্কের আত্মীয় ও প্রতিবেশী চিত্তরঞ্জন কুন্ডু জানান, ননী গোপাল একজন অবসরপ্রাপ্ত সেনাসদস্য। তিনি মুক্তিযোদ্ধা ছিলেন। খুন হওয়ার আগে ঠিকাদারি করতেন তিনি। তিন-চার বছর আগে কুন্ডরী গ্রাম থেকে এসে পারসাঁঐল গ্রামে সস্ত্রীক বসবাস শুরু করেন। তাঁরা এই গ্রামের বাড়িতে একাই থাকতেন। তাঁদের দুই ছেলে পুলক কুমান কুন্ডু ও পিনাক কুমার কুন্ডু ভারতে থাকেন।
চিত্তরঞ্জন কুন্ডু বলেন, ‘সন্তানেরা বারবার বাবা-মাকে ভারতে গিয়ে তাঁদের সঙ্গে বসবাস করার অনুরোধ জানিয়েছেন। কিন্তু তাঁরা এ দেশ ত্যাগ করেননি। ননী দা বলতেন, ‘‘আমি এ দেশের জন্য প্রাণ বাজি রেখে যুদ্ধ করেছি। এই দেশকে ছেড়ে আমি কীভাবে অন্য দেশে যাব?”’
পুলিশ গতকাল সকালে ঘটনাস্থলে গিয়ে দম্পতির লাশ উদ্ধার করে সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। ময়নাতদন্ত শেষে তাঁদের লাশ সিংড়ায় নিয়ে রাতেই সৎকার করা হয়। পুলিশ সুপার শ্যামল কুমার মুখার্জি বলেন, ‘পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সদস্যরা আলামত সংগ্রহ করেছেন। থানার পুলিশ অপরাধীদের শনাক্ত করার কাজ করছে। এ ব্যাপারে সন্ধ্যা পর্যন্ত মামলা হয়নি। তবে রাতে মামলা হবে। এ ব্যাপারে আতঙ্কিত হওয়ার কিছু নেই।’
এদিকে ননী গোপাল দম্পতির খুন হওয়ার বিষয়টি জানার পর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় তাঁদের মৃত্যুতে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।