মুক্তিযোদ্ধাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম

ভুয়া মুক্তিযোদ্ধা সনদ জোগাড় করে বেশারত আলী তাঁর ছেলে আনোয়ার হোসেনকে পুলিশের চাকরিতে ঢুকিয়েছিলেন। এক মুক্তিযোদ্ধার অভিযোগের পরিপ্রেক্ষিতে আনোয়ার হোসেনের বিরুদ্ধে মামলা হয়। এরপর তাঁকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
ক্ষোভে হাতুড়ি দিয়ে পিটিয়ে অভিযোগকারী ওই মুক্তিযোদ্ধার দুই পা ও চারটি দাঁত ভেঙে দিয়েছেন বেশারত ও তাঁর ছেলেরা। হায়দার আলী নামের ওই মুক্তিযোদ্ধা বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
হায়দার আলীর বাড়ি রাজশাহীর বাঘা উপজেলার মাঝপাড়ার বাউসা গ্রামে। তিনি স্বাধীনতার পর অবিভক্ত চারঘাট থানা মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার ছিলেন। গত রোববার সন্ধ্যার পর তাঁর ওপর ওই হামলা করা হয়েছে। ঘটনার পরের দিন হায়দার আলীর ছেলে মো. শিমুল বাদী হয়ে বাঘা থানায় মামলা করেছেন। মামলায় ভুয়া মুক্তিযোদ্ধার সনদ জোগাড় করা বেশারত আলী ও তাঁর তিন ছেলে: হাসান আলী, হোসেন আলী ও এখলাস আলীকে আসামি করা হয়েছে। আসামিদের বাড়ি একই উপজেলার হেদাতীপাড়ার বাউসা গ্রামে।
হাসপাতালে চিকিৎসাধীন হায়দার আলী জানান, বেশারত আলী মুক্তিযোদ্ধা ছিলেন না। তিনি মুক্তিযোদ্ধার ভুয়া সনদ জোগাড় করে ভাতা উত্তোলন করে আসছিলেন। ২০০৫ সালে তিনি মুক্তিযোদ্ধা কোটায় তাঁর ছেলে আনোয়ার হোসেনকে পুলিশের চাকরিতে ঢোকান। আনোয়ার হোসেন সর্বশেষ কনস্টেবল হিসেবে রাজশাহী নগরের রাজপাড়া থানায় কর্মরত ছিলেন। হায়দার আলীর অভিযোগ পেয়ে মন্ত্রণালয় বিষয়টি তদন্ত করে। এতে বেশারত আলীর সনদটি জাল বলে প্রমাণিত হয়। এ পরিপ্রেক্ষিতে আনোয়ার হোসেনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। এর পর থেকে আনোয়ারের বাবা বেশারত আলী ও তাঁর ছেলেরা মুক্তিযোদ্ধা হায়দার আলীর ওপর হামলা করার হুমকি দিয়ে আসছিলেন। এ ব্যাপারে হয়দার আলী গত ৩০ জানুয়ারি নিরাপত্তা চেয়ে বাঘা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
রোববার হায়দার আলী বাঘার মাঝপাড়া বাউসা বাজারের আবদুল হামিদ কবিরাজের দোকানের সামনে দাঁড়িয়েছিলেন। তখন বেশারত আলী ও তাঁর ছেলেরা তাঁর ওপর হামলা চালান।
এ ব্যাপারে কথা বলতে চেষ্টা করেও বেশারত আলী ও তাঁর ছেলেদের কাউকে পাওয়া যায়নি।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, হামলাকারীদের ধরার চেষ্টা চলছে।