মুক্তিযোদ্ধাদের সমিতি কার্যালয়ে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ভালুকায় মুক্তিযোদ্ধাদের একটি সমবায় সমিতির কার্যালয়ে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। এতে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভালুকা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্ব দিকে খাসজমিতে প্রশাসনের মৌখিক অনুমতি নিয়ে দুই বছর আগে উপজেলা ‘মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার পুনর্বাসন সমবায় সমিতি লিমিটেড’ ও ‘মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড’ কার্যালয়টি নির্মাণ করা হয়। সম্প্রতি একটি প্রভাবশালী মহল ওই খাসজমির মালিকানা দাবি করে কার্যালয়টি উচ্ছেদের কথা প্রচার করে।
গতকাল বৃহস্পতিবার ভোরে অজ্ঞাত দুবৃর্ত্তরা কার্যালয়টিতে আগুন দেয়। পরে ভালুকা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে এক ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার পুনর্বাসন সমবায় সমিতি লিমিটেডের সভাপতি ফজলুল হক তালুকদার জানান, মুক্তিযোদ্ধাদের কল্যাণে কাজ করার জন্য স্থানীয় প্রশাসনের মৌখিক অনুমতি নিয়ে কার্যালয়টি নির্মাণ করা হয়। এর পর থেকেই প্রভাবশালী একটি মহল ওই খাসজমির মালিকানা দাবি করে আসছিল। তিনি আরও জানান, আগুনে কার্যালয়ের চেয়ার-টেবিল ও রাষ্ট্রীয় দিবসে পরিধান করা মুক্তিযোদ্ধাদের প্রায় ৩০০ গেঞ্জি ও টুপি পুড়ে গেছে। এতে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘এখনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’