সনাতন সমাজকল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা ও খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরীর ওপর হামলার প্রতিবাদে এবং বিভিন্ন দাবিতে জেলার মন্দিরগুলোতে কালো ব্যানার উত্তোলন কর্মসূচি পালিত হয়েছে।
সনাতন সমাজকল্যাণ পরিষদ, বাংলাদেশ জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ ও বাংলাদেশ পূজা উদ্যাপন কমিটির উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
সমাজকল্যাণ পরিষদের সভাপতি বিধান কানুনগো বলেন, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে খাগড়াছড়ি জেলার মন্দিরগুলোতে কালো ব্যানার উত্তোলন করা হয়। তবে প্রশাসনের অনুরোধে রোববারের মানববন্ধন কর্মসূচি স্থগিত করা হয়েছে।
গত বৃহস্পতিবার নারিকেলবাগান এলাকায় নির্মলেন্দু চৌধুরীর ওপর হামলার ঘটনা ঘটে।
মুক্তিযোদ্ধা কমান্ডারের ওপর হামলার ঘটনায় মামলা
জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার রইছ উদ্দিনের ওপর হামলার ঘটনায় মামলা করেছেন পৌরসভার মেয়র রফিকুল আলম।
গত শুক্রবার দুপুরে খাগড়াছড়ি শহরের আদালত সড়কে রইছ উদ্দিনের ওপর হামলার ঘটনা ঘটে।
খাগড়াছড়ি সদর থানার ওসি তারেক মোহাম্মদ হান্নান বলেন, রইছ উদ্দিনের ওপর হামলার ঘটনায় শুক্রবার রাতে খাগড়াছড়ি পৌরসভার মেয়র মো. রফিকুল আলম ২৬ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৫০-৬০ জনকে আসামি করে মামলা করেছেন। পুলিশ জানায়, মামলার আসামিদের মধ্যে রয়েছেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি রণবিক্রম ত্রিপুরা, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শানে আলম, জেলা যুবলীগের সভাপতি যতন কুমার ত্রিপুরা।
ওসি বলেন, নির্মলেন্দু চৌধুরী ও রইছ উদ্দিনের ওপর হামলার ঘটনায় করা দুই মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
খাগড়াছড়ি পুলিশ সুপার মজিদ আলী বলেন, জেলার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ জায়গায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।