চট্টগ্রামের সীতাকুণ্ডের ছোটকুমিরা এলাকায় জায়গা দখলে বাধা দেওয়ায় আওয়ামী লীগ ও যুবলীগের কয়েকজন নেতা-কর্মী একজন মুক্তিযোদ্ধার স্ত্রী, মেয়ে ও পুত্রবধূকে মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় মুক্তিযোদ্ধা প্রিয়গোপাল চৌধুরী কুমিরা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য কিশোর ভৌমিক, ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. শামীম ও যুবলীগের কর্মী জাহাঙ্গীর আলমের নাম উল্লেখ করে থানায় মামলা করেছেন। মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ১২ জনকে।
প্রিয়গোপাল চৌধুরীর ছেলে নারায়ণ চৌধুরী প্রথম আলোকে বলেন, উত্তরাধিকার সূত্রে পাওয়া বাড়ির পাশের দুই শতক জমিতে কয়েক দিন আগে বঙ্গবন্ধু স্মৃতি সংসদের নামে সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়। কিশোর ভৌমিকের নির্দেশে শামীম ও জাহাঙ্গীরসহ ১০-১২ জন ব্যক্তি সাইবোর্ড টাঙান। বিষয়টি থানায় জানানোর পরেও কোনো সমাধান পাওয়া যায়নি। গতকাল শনিবার তাঁরা সাইনবোর্ডটি ভেঙে দেন। এতে ক্ষিপ্ত হয়ে শামীমের নেতৃত্বে ১০-১২ জন লোক তাঁদের বাড়িতে এসে নারীদের পেটাতে থাকে। খবর পেয়ে পুলিশ আহত নারীদের উদ্ধার করে।
কিশোর ভৌমিক প্রথম আলোকে বলেন, ‘জায়গাটি লতিফা সিদ্দিকি ডিগ্রি কলেজের লিজভুক্ত। দলের কয়েকটি ছেলে ওই জায়গায়
ক্লাবঘর তুলতে চাইলে তাঁদের সঙ্গে মুক্তিযোদ্ধার পরিবারের বিরোধ হয়। আমি এ ঘটনার সঙ্গে জড়িত নই।’
লতিফা সিদ্দিকি ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলাম ভুইয়া বলেন, জায়গাটি কলেজের নামে লিজ নেওয়া কি না, সেটি কাগজপত্র দেখা ছাড়া বলা সম্ভব নয়।
তবে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তাঁকে বলেছেন, জায়গাটি কলেজের নামে লিজ নেওয়া হয়েছে। তিনি বলেন, জায়গা যারই হোক, সেটি কাউকে অবৈধভাবে দখল করতে দেওয়া হবে না।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান প্রথম আলোকে বলেন, মুক্তিযোদ্ধা প্রিয়গোপাল চৌধুরী মামলা করেছেন। এ ব্যাপারে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।