কুমিল্লার দাউদকান্দি উপজেলার এক হিমাগার-মালিকের বিরুদ্ধে এক মুক্তিযোদ্ধাসহ আটজনের ৩ হাজার ৬৭৮ মণ আলু গোপনে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে। ভাড়া দেওয়ার শর্তে ওই হিমাগারে আলুগুলো রেখেছিলেন তাঁরা।
ওই মুক্তিযোদ্ধার নাম লেয়াকত আলী সরকার। তিনি উপজেলার তুলাতলী গ্রামের বাসিন্দা। লেয়াকত আলী এ ব্যাপারে ৭ ডিসেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ মোতাবেক, মুক্তিযোদ্ধা লেয়াকত আলী তাঁর নিজের ও সাতজন আত্মীয়ের ১ হাজার ৮৩৯ বস্তা আলু সংরক্ষণের জন্য দাউদকান্দির বিটেশ্বর ইউনিয়নের নৈয়ার গ্রামে অবস্থিত সরকার আইস অ্যান্ড কোল্ড স্টোরেজে রাখেন। প্রতি বস্তায় ৮০ কেজি করে আলু ছিল। প্রায় ছয় মাস রাখতে বস্তাপ্রতি ভাড়া ধরা হয় ৩৫০ টাকা। আর ওই আলুর বিপরীতে লেয়াকত হিমাগারের মালিক শহীদ উল্লাহ সরকারের কাছ থেকে ঋণ নেন ৯ লাখ ১৯ হাজার ৫০০ টাকা। এসব লেনদেন-সংক্রান্ত যে দলিল করা হয়, তা সুকৌশলে নিজের কাছে রাখেন হিমাগার-মালিক। সম্প্রতি বাজারে আলুর দাম বেড়ে যাওয়ায় তিনি গোপনে আলুগুলো বিক্রি করে দেন। গত ২৬ নভেম্বর লেয়াকত আলু নিতে হিমাগারে গেলে বিষয়টি ধরা পড়ে। এ সময় শহীদ উল্লাহ আলুর পরিবর্তে তাঁকে টাকা দেওয়ার প্রস্তাব দেন।
হিমাগার ভাড়া, ঋণের টাকা ও সুদ বাবদ শহীদ উল্লাহর পাওনা দাঁড়ায় ১৭ লাখ টাকার কিছু বেশি। অন্যদিকে, বর্তমান বাজারদরে ১ হাজার ৮৩৯ বস্তা আলুর দাম দাঁড়ায় দাম ৩৩ লাখ টাকার বেশি। সে হিসেবে আলুর মালিক লেয়াকতের পাওনা হয় ১৬ লাখ টাকার কিছু বেশি। শহীদ উল্লাহ তাঁকে ৯ লাখ ৩১ হাজার টাকা দেন। বাকি টাকা দুই দিন পর নিয়ে যেতে বলেন। কিন্তু সেদিন গেলে শহীদ উল্লাহ বিভিন্ন অজুহাত দেখিয়ে ওই টাকা দিতে অপারগতা প্রকাশ করেন।
লেয়াকত আলী সরকার প্রথম আলোকে বলেন, তিনি এ বছর তিন একর জমিতে আলু চাষের প্রস্তুতি নিচ্ছেন। এখন নিজেই বীজের অভাবে পড়েছেন। তা ছাড়া দায়িত্ব নিয়ে তিনি যাঁদের আলু হিমাগারে রেখেছিলেন, তাঁরাও চাপ দিচ্ছেন। আলু ফেরত দিতে না পারায় বাড়িছাড়া হয়ে আছেন তিনি।
শহীদ উল্লাহ সরকার গোপনে আলু বিক্রি করে দেওয়ার কথা স্বীকার করেন। তবে তিনি দাবি করেন, ওই আলুর বিপরীতে পাওনা টাকা সম্পূর্ণ পরিশোধ করেছেন তিনি। লেয়াকত আলী তাঁর কাছে আর কোনো টাকা পান না।
ইউএনও মোহাম্মদ আল-আমিন বলেন, তিনি অভিযোগ পেয়েছেন। বিষয়টি তিনি দেখবেন।