মুক্তিযোদ্ধা কমান্ডারকে হুমকি, থানায় জিডি
দেশে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ের তালিকা প্রণয়নের কাজ চলছে। তাই লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবুল হোসেন ভাতাপ্রাপ্ত শতাধিক মুক্তিযোদ্ধাকে ওই যাচাই-বাছাইয়ের তালিকায় আনার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেন। এ কারণে ওই অভিযোগ তুলে নিতে তাঁকে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
হুমকির ঘটনায় গত শনিবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন আবুল হোসেন।
আবুল হোসেন গতকাল রোববার বলেন, বর্তমানে উপজেলার তিন শতাধিক মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা তুলছেন। সম্প্রতি সরকার প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়নে যাচাই-বাছাইয়ের ঘোষণা দেয়। তাই তিনি শতাধিক ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধার নাম উল্লেখ করে তাঁদের যাচাই-বাছাইয়ের আওতায় আনতে ইউএনওর কাছে লিখিত অভিযোগ করেন। ওই সব মুক্তিযোদ্ধাকে আজ সোমবার যাচাই-বাছাই কমিটির সামনে উপস্থিত হতে নোটিশ দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এমনটি জেনে ওই মুক্তিযোদ্ধাদের পক্ষ নিয়ে তাঁদের একাংশ দৌড়ঝাঁপ শুরু করে। এর পরিপ্রেক্ষিতে দুদিন ধরে তাঁর মুঠোফোনে বিভিন্ন নম্বর থেকে হুমকি দেওয়া হচ্ছে। আবুল হোসেন আরও বলেন, ‘বিভিন্ন নম্বর থেকে আমাকে অভিযোগ তুলে নিতে বলা হচ্ছে। নইলে আমার ও পরিবারের যেকোনো সদস্যের ক্ষতি করা হবে। এ ছাড়া আজ মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ের সময় আমি উপস্থিত হলে হাত-পা ভেঙে দেওয়া হবে বলেও হুমকি দেওয়া হচ্ছে। আমি ও আমার পরিবারের লোকজন নিরাপত্তাহীনতায় ভুগছি। তাই ওই জিডি করেছি।’
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও যাচাই-বাছাই কমিটির সদস্য মুক্তিযোদ্ধা ফজলুল হক বলেন, হুমকির ঘটনায় ওই মুক্তিযোদ্ধা থানায় একটি জিডি করেছেন।
জিডি হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম।