মুক্তিযোদ্ধা কমান্ডারের নামে যুদ্ধাপরাধের মামলা
বরগুনার পাথরঘাটায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলা হয়েছে। মামলার বাদী মুক্তিযুদ্ধে শহীদ পরিবারের সন্তান।
আসামি আবদুল মান্নান হাওলাদার উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হিসেবে নির্বাচিত বলে জানিয়েছেন ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ খালেক। বাকি দুই আসামি হলেন মান্নানের বড় ভাই আবদুল রাজ্জাক হাওলাদার ও ভগ্নিপতি হজরত আলী।
বাদীর নাম মিজানুর রহমান। তিনি গতকাল রোববার বিকেলে পাথরঘাটা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে মামলা করেন।
পাথরঘাটা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন আজ সোমবার সকালে প্রথম আলোকে বলেন, মামলাটি সিআর রেজিস্ট্রারভুক্ত করে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
বাদীর অভিযোগ, মুক্তিযুদ্ধে তাঁর বাবা মতিয়ার রহমানকে আসামিরা হত্যা করে লাশ নৌকা করে নিয়ে যান। পরে অনেক খোঁজাখুঁজি করেও লাশের সন্ধান পাওয়া যায়নি।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার এম এ খালেক জানান, মিজানুর রহমান শহীদ মুক্তিযোদ্ধা মতিয়ার রহমানের ছেলে। তাঁর বাড়ি উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের তালুক চরদুয়ানী গ্রামে।