মুক্তিযোদ্ধা ঘোষণা না দিয়েও সনদ নেওয়া খতিয়ে দেখবে দুদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাকরিতে যোগ দেওয়ার সময় নিজেকে মুক্তিযোদ্ধা ঘোষণা না দিয়ে পরে সনদ নিয়ে চাকরির মেয়াদ বাড়ানোর ক্ষেত্রে কোনো অনিয়ম আছে কি না, তা খতিয়ে দেখবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বৃহস্পতিবার সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে মাসিক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান দুদকের সচিব মাকসুদুল হাসান খান।

গত মঙ্গলবার প্রথম আলোয় এ বিষয়ে ‘পাঁচ সচিবের পর আরও ১৬’ এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

সংবাদ ব্রিফিংয়ে মাকসুদুল হাসান খান জানান, অক্টোবর মাসে পাওয়া ৭৪৬ অভিযোগের মধ্যে ৫৪টি অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। এর মধ্যে বিভিন্ন জাতীয় পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন থেকে ছয়টি অভিযোগ গ্রহণ করা হয়েছে। অক্টোবরে ২৫টি মামলা দায়েরের অনুমোদন দিয়েছে কমিশন। যার মধ্যে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তির সংখ্যা ৫০ জন। এঁদের মধ্যে সরকারি চাকরিজীবী ২২ জন, ব্যবসায়ী তিনজন ও জনপ্রতিনিধি তিনজন রয়েছেন।

সচিবের দেওয়া তথ্যমতে, ৩৫টি মামলায় ৮৬ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারি চাকরিজীবী ৩৩ জন, ব্যবসায়ী পাঁচজন ও জনপ্রতিনিধি আটজন রয়েছেন।
দুদকের নয় কর্মকর্তা-কর্মচারীর মুক্তিযোদ্ধা সনদ জালিয়াতির অভিযোগের বিষয়ে অনুসন্ধানকাজ চলছে বলে জানান সচিব।