মুক্তিযোদ্ধা জাহাঙ্গীরকে হত্যা করে ছিনতাইকারীরা: পুলিশ
রাজধানীর ধলপুরে মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম হত্যায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার ও গতকাল মঙ্গলবার নারায়ণগঞ্জ, রূপগঞ্জ ও যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া পাঁচজন হলেন ফয়সাল ইসলাম ওরফে মোমেন (২১), পরশ ওরফে পলাশ (২৫), রানা ব্যাপারী (১৯), মাসুদুর রহমান ওরফে শান্ত (১৯) ও ফরহাদুল ইসলাম ওরফে সিহাব (১৭)।
আজ বুধবার দুপুরে যাত্রাবাড়ী থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এতে পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনার মোহাম্মদ ফরিদউদ্দিন বলেন, গ্রেপ্তার হওয়া পাঁচজনই ছিনতাইকারী চক্রের সদস্য। জিজ্ঞাসাবাদে তাঁরা স্বীকার করেছেন, মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলমের কাছ থেকে ব্রিফকেস ও একটি মুঠোফোন ছিনিয়ে নিতে তাঁকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। উপকমিশনার বলেন, পরিবারের অভিযোগ ছিল, কুমিল্লার মুরাদনগরে ভুয়া মুক্তিযোদ্ধাদের বিপক্ষে অবস্থান নেওয়ায় জাহাঙ্গীর আলমকে হত্যা করা হয়েছে। পরিবারের অভিযোগের সঙ্গে ছিনতাইকারীর হাতে আক্রান্ত হতে পারেন, বিষয়টি সামনে রেখে পুলিশ তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ ছিনতাইকারী চক্রের সদস্য রানা ব্যাপারীকে শনাক্ত করে ও তাঁর অবস্থান নিশ্চিত হয়। পরে গত মঙ্গলবার বিকেলে যাত্রাবাড়ী থানার পুলিশ রূপগঞ্জের বরপা এলাকায় অভিযান চালিয়ে রানা ব্যাপারী ও তাঁর সহযোগী পরশ ওরফে পলাশকে গ্রেপ্তার করে। তাঁদের তথ্যের ভিত্তিতে গত মঙ্গলবার মধ্যরাতে নারায়ণগঞ্জের মদনপুর বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে মাসুদুর রহমান ওরফে শান্তকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার সকালে পুলিশ ছিনতাইকারী চক্রের দুই সদস্য ফরহাদুল ইসলাম ওরফে সিহাব ও ফয়সাল ইসলাম মোমেনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পুলিশের কর্মকর্তা ফরিদউদ্দিন বলেন, ১ জুন ভোরে ধলপুরের ব্রাহ্মণচিরণ রোডের বাসা থেকে বেরিয়ে কুমিল্লার মুরাদনগরে মুক্তিযোদ্ধা সংসদের সভায় অংশ দিতে যাওয়ার উদ্দেশে রওনা দিয়েছিলেন। রিকশাটি ধলপুর নতুন রাস্তা মাইওয়ান শো রুমের দক্ষিণ পাশে পৌঁছালে দুর্বৃত্তরা তাঁর গতিরোধ করে ব্রিফকেস ও মুঠোফোন ছিনিয়ে নিতে তাঁকে ছুরিকাঘাতে হত্যা করে। তড়িঘড়ির কারণে ছিনতাইকারীরা তাঁর প্যান্টের পকেট থেকে টাকা ও আরেকটি মুঠোফোন ছিনিয়ে নিতে পারেনি। জাহাঙ্গীর আলম কুমিল্লার মুরাদনগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ছিলেন।