মুক্তিযোদ্ধা না হয়েও ভাতা তোলেন তাঁরা
টাঙ্গাইলের সখীপুরে মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত না হয়েও নয় ব্যক্তি নিয়মিত ভাতা তুলছেন বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ২০১০ সাল থেকে এ পর্যন্ত তাঁরা মোট ১০ লাখ টাকার বেশি ভাতা তুলেছেন।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সদস্যরা বলেন, সর্বশেষ মুক্তিযোদ্ধা তালিকা লাল বইয়ে ওই নয় ব্যক্তির নাম নেই। তাই ভাতা বন্ধ করার জন্য ২০১৪ সালের নভেম্বরে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়। এরপরও তাঁদের ভাতা বন্ধ হচ্ছে না বলে জানানো হয়।
ওই নয়জন হলেন উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের বেতুয়া গ্রামের মোখলিসুর রহমান ও মো. শাহজাহান মিয়া; কালিয়ান গ্রামের হায়দার আলী; বগাপ্রতিমা গ্রামের মো. হাছেন আলী; বহেড়াতৈল গ্রামের আবদুস সালাম মিয়া, মো. শাহজাহান মিয়া, মো. লেবু মিয়া ও মো. আলম মিয়া এবং কালিয়া ইউনিয়নের কচুয়া গ্রামের মো. ফজলুল হক।
স্থানীয় সমাজসেবা কার্যালয় সূত্র জানায়, ২০০০ সালের জুলাই থেকে মুক্তিযোদ্ধারা প্রথম সম্মানী ভাতা পাওয়া শুরু করেন। ওই সময় তাঁদের ৩০০ টাকা করে দেওয়া হতো। ২০১৪ সালের জুলাই থেকে এই ভাতা পাঁচ হাজার টাকায় উন্নীত হয়। সে হিসেবে ওই নয় ব্যক্তি ১০ লাখ টাকার বেশি ভাতা ভোগ করেছেন।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সদস্যরা বলেন, মুক্তিযোদ্ধা হিসেবে ওই নয়জনের নাম নেই। ভুয়া মুক্তিযোদ্ধা নম্বর ব্যবহার করে ২০১০ সালে মন্ত্রণালয়ে তদবির করে ভাতা পাওয়ার তালিকায় নাম লিখিয়েছেন। ২০১৪ সালের জানুয়ারিতে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ভাতাভোগী ৯২৬ জনের তালিকা যাচাই-বাছাই করে ওই নয়জনকে অমুক্তিযোদ্ধা হিসেবে চিহ্নিত করে।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফরহাদ হোসেন ভূঁইয়া বলেন, ওই নয়জনের বিরুদ্ধে অভিযোগ আসায় নন-জুডিশিয়াল স্ট্যাম্পে সই রেখে তাঁদের ভাতা তোলার অনুমতি দেওয়া হয়েছে। মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত না হলে স্ট্যাম্পের শর্তানুযায়ী তাঁরা উত্তোলন করা সব ভাতা ফেরত দিতে বাধ্য থাকবেন।
ভাতাভোগী মোখলিসুর, ফজলুল, হাছেন ও হায়দার আলী নিজেদের প্রকৃত মুক্তিযোদ্ধা দাবি করেন। তাঁরা বলেন, মুক্তিবার্তায় তাঁদের নাম থাকলেও ভুলক্রমে তাঁদের নাম লাল বইয়ে আসেনি।
বেতুয়া গ্রামের মো. শাহজাহান মিয়া কয়েক বছর আগে মারা গেছেন। ওই ভাতা বর্তমানে তাঁর স্ত্রী ডালিমন নেছা ভোগ করছেন। তিনি বলেন, তাঁর স্বামী প্রকৃত মুক্তিযোদ্ধা ছিলেন। এখন শোনা যায় লাল বইয়ে তাঁর নাম নেই। তাই ভাতা বন্ধ
করে দেওয়া হবে। স্বামী মারা যাওয়ায় ওই ভাতাটুকুই তাঁর সম্বল। এখন ভাতা বন্ধ হলে তিনি কী নিয়ে বাঁচবেন?
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এম ও গণি বলেন, মুক্তিযোদ্ধা হওয়ার সপক্ষে ওই নয় ব্যক্তি কোনো কাগজ দেখাতে পারেননি। তাই তাঁদের অমুক্তিযোদ্ধা হিসেবে চিহ্নিত করে মন্ত্রণালয়ে তাঁদের ভাতা বন্ধ করার জন্য সুপারিশ করা হয়েছে।