মুক্তিযোদ্ধা পরিবারের ওপর সন্ত্রাসী হামলা, আহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর বেগমগঞ্জে প্রয়াত এক মুক্তিযোদ্ধা পরিবারের ওপর সন্ত্রাসী হামলা হয়েছে। গত রোববার বিকেলে উপজেলার কাদিরপুর ইউনিয়নের ঘাটলা গ্রামে এ ঘটনা ঘটে। হামলায় ধারালো অস্ত্রের আঘাতে নারীসহ পরিবারের চার সদস্য গুরুতর আহত হয়েছেন।
আহত ব্যক্তিরা হলেন প্রয়াত মুক্তিযোদ্ধা মজিবুল হকের ছেলে ইসমাইল হোসেন ওরফে দুলাল (৪৬), দুই মেয়ে জোসনা বেগম (৪৩) ও পারভীন আক্তার (৩৯) এবং নাতি মো. ইউছুফ (২৩)। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত ইসমাইল হোসেন প্রথম আলোকে বলেন, একই বাড়ির রফিক উল্লাহদের সঙ্গে জায়গা-জমি নিয়ে তাঁদের বিরোধ রয়েছে। এ নিয়ে গত রোববার দুপুরে রফিক উল্লাহর সঙ্গে তাঁর বাগ্বিতণ্ডা হয়। এর জের ধরে বিকেল চারটার দিকে ছয়-সাতজন সন্ত্রাসী ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালায়। এ সময় তাঁকে বাঁচাতে এসে হামলার শিকার হন তাঁর দুই বোন ও ভাগনে। তাঁদেরও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে আহত করে সন্ত্রাসীরা।
এ বিষয়ে রফিক উল্লাহর বক্তব্য জানা যায়নি।
বেগমগঞ্জ থানার ওসি মোহাম্মদ সাজেদুর রহমান বলেন, প্রয়াত মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যের ওপর হামলার ঘটনা তিনি শুনেছেন। তবে এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।