মুক্তিযোদ্ধা ভবনের নির্মাণকাজে অনিয়মের অভিযোগ
দিনাজপুরের পার্বতীপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও বিভিন্ন ত্রুটিপূর্ণ কাজের অভিযোগ উঠেছে। নির্মাণকাজ পরিদর্শনে এসে বিষয়টি অবগত হয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব সংশ্লিষ্ট দুই প্রকৌশলীকে তিরস্কার করেন।
উপজেলার কয়েকজন মুক্তিযোদ্ধা বলেন, প্রধানমন্ত্রীর একটি বিশেষ প্রকল্পের আওতায় ২০১৫ সালের শুরুতে উপজেলা শহরের নতুন বাজারে ১ কোটি ৮৫ লাখ টাকা ব্যয়ে এ ভবনের নির্মাণকাজ শুরু হয়। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব আবদুল হান্নান গত বৃহস্পতিবার নির্মাণকাজ দেখতে আসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) জেলা নির্বাহী প্রকৌশলী খলিলুর রহমান, উপজেলা প্রকৌশলী এফ এম রায়হানুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবদুল হাই প্রমুখ।
পরিদর্শনকালে আবদুল হান্নান দেখতে পান, ভবনের বিভিন্ন কক্ষের দরজায় প্রক্রিয়াজাত কাঠের পরিবর্তে লাগানো হয়েছে অপরিপক্ব কাঠ। এ ছাড়া মেঝের টাইলস, জানালার গ্রিল-থাই গ্লাস সবখানেই নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে। সচিব সব মিলিয়ে অর্ধশতাধিক ত্রুটি চিহ্নিত করেন এবং তা পুনর্নির্মাণ করে দ্রুত কাজ শেষ করতে ঠিকাদারি প্রতিষ্ঠান বিদ্যুৎ এন্টারপ্রাইজকে নির্দেশ দেন। পাশাপাশি কাজ ঠিকমতো তদারক না করায় তিনি এলজিইডির জেলা ও উপজেলা প্রকৌশলীকে তিরস্কার করেন।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল হাই বলেন, গত জুন মাসের মধ্যে ভবনটির নির্মাণকাজ শেষ করার কথা থাকলেও এখন পর্যন্ত ৮০ শতাংশ কাজও হয়নি। অথচ উপজেলা প্রকৌশলীর যোগসাজশে অধিকাংশ টাকা তুলে নিয়েছেন ঠিকাদার। নির্মাণকাজে অনিয়মের সঙ্গেও উপজেলা প্রকৌশলীর যোগসাজশ রয়েছে বলে অভিযোগ করেন তিনি।
অভিযোগের ব্যাপারে বক্তব্য জানতে উপজেলা প্রকৌশলী রায়হানুল ইসলামের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি ধরেননি।