মুক্তিযোদ্ধা শাহাদাত হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩
খুলনা নগরের রায়ের মহল এলাকার মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন হত্যার ঘটনায় মামলা হয়েছে। গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে তাঁর বড় ছেলে আল মামুন বাদী হয়ে হরিণটানা থানায় এ মামলা করেন। এতে ছয়জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও সাত থেকে আটজনকে আসামি করা হয়েছে। তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঘটনাস্থলে গুলিবিদ্ধ ও মামলার ১ নম্বর আসামি আজম তালুকদারকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনি পুলিশ হেফাজতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। গ্রেপ্তার অপর দুজন হলেন ফাতেমা ও বাবু তালুকদার। ফাতেমা মামলার ৩ নম্বর আসামি নাসির হাওলাদারের স্ত্রী। আর বাবুকে গ্রেপ্তার করা হয়েছে সন্দেহভাজন আসামি হিসেবে।
গতকাল ফাতেমা ও বাবুকে আদালতে পাঠিয়ে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আজ সোমবার রিমান্ড শুনানির দিন ধার্য করেছেন আদালত।
হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরদার মোশারফ হোসেন বলেন, প্রায় দুই বছর আগে আজমসহ তিনজনকে অস্ত্র, বিস্ফোরকসহ পুলিশের হাতে তুলে দিয়েছিলেন মুক্তিযোদ্ধা শাহাদাত। ধারণা করা হচ্ছে, এর জেরেই আসামিরা জামিনে ছাড়া পেয়ে প্রতিশোধ নিতে শাহাদাতকে হত্যার পরিকল্পনা করেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, ঘটনার দিন নাসিরের বাড়িতে বসে হামলার পরিকল্পনা করা হয়। আর এ তথ্যের সবই জানেন নাসিরের স্ত্রী ফাতেমা। এ কারণে ফাতেমাকে গ্রেপ্তার করে রিমান্ড চাওয়া হয়েছে।
শাহাদাত ১৪ জুন বুধবার রাত সোয়া আটটার দিকে নগরের রায়েরমহল এলাকার হাজী মুহম্মদ মুহসীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাস্তার পাশে বসে গল্প করছিলেন। একপর্যায়ে দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। ঘাড়, বুক ও হাতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই শাহাদাতের মৃত্যু হয়। এ সময় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি গুলির ঘটনা ঘটে। এতে আজমসহ আরও পাঁচজন আহত হন।
শাহাদাত হোসেন সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটিতে মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক ছিলেন। রায়ের মহল ও সোনাডাঙ্গা এলাকায় তাঁর দুটি বাড়ি আছে।