মুক্তিযোদ্ধা সংসদের সভায় হাতাহাতি, আহত ৩
জয়পুরহাটের আক্কেলপুরে মুক্তিযোদ্ধা সংসদের কার্যকরী কমিটির সভা চলাকালে হাতাহাতি ঘটেছে। এতে তিনজন মুক্তিযোদ্ধা আহত হয়েছেন। তাঁরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। গতকাল শনিবার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সূত্র জানায়, সম্প্রতি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার সরোয়ার হোসেন ওরফে শুটকু মুক্তিযোদ্ধা সম্মানী ভাতাভোগী ২৬ জনকে ভুয়া মুক্তিযোদ্ধা দাবি করে তাঁদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা কমিটি অভিযোগ ওঠা ২৬ মুক্তিযোদ্ধার সম্মানী ভাতা স্থগিত রাখে। আবদুল হাইয়ের নাম ওই তালিকায় রয়েছে। পরে ওই ২৬ মুক্তিযোদ্ধা জেলা প্রশাসকের কাছে সরোয়ার হোসেন ও মুক্তিযোদ্ধা সবির উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ করেন।
১০ থেকে ১২ জন মুক্তিযোদ্ধা ও প্রত্যক্ষদর্শীরা বলেন, গতকাল সকাল ১০টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সভাকক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কার্যকরী কমিটির সভা চলছিল। বিজয় দিবস উপলক্ষে ওই সভার আয়োজন করা হয়। আবদুল হাই সভায় উপস্থিত হলে সরোয়ার হোসেন ও সবির উদ্দিন তাঁর ওপর ক্ষিপ্ত হন। এ নিয়ে তাঁদের মধ্যে বাগ্বিতণ্ডা ও একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। সভায় থাকা অন্য মুক্তিযোদ্ধারা তাঁদের নিবৃত্ত করার চেষ্টা করেন। লোকজন গিয়ে আবদুল হাইকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে সরোয়ার হোসেন ও সবির উদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক জয়নাল আবেদীন বলেন, সরোয়ার হোসেন, আবদুল হাই ও সবির উদ্দিন জরুরি বিভাগে এসে চিকিৎসা নিয়েছেন। তাঁদের মধ্যে আবদুল হাই স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।