ইসলামী বিশ্ববিদ্যালয়ে মুক্তিযোদ্ধা সনদ জালিয়াতি করে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ভর্তি হওয়া এক শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রেজিস্ট্রার কার্যালয় সূত্রে জানা গেছে, সাকিব আহম্মেদ নামে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম বর্ষের এক শিক্ষার্থী তাঁর বাবার নামের সঙ্গে মিল রেখে মুক্তিযোদ্ধা আজিজুর রহমানের মুক্তিযোদ্ধার সনদ জালিয়াতি করে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ভর্তি হন। মুক্তিযোদ্ধা আজিজুর রহমান ঝিনাইদহ জেলার খাজুরা গ্রামের মৃত আরিফ হোসেন বিশ্বাসের ছেলে। অন্যদিকে সাকিব আহম্মেদের বাবা আজিজুর রহমান ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু থানার মাকিমপুর গ্রামের শামসুদ্দিন লস্করের ছেলে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ে ভর্তির কাগজপত্রে ওই শিক্ষার্থী স্থায়ী ঠিকানা একেক স্থানে একেক রকম লিখেছেন। মুক্তিযোদ্ধা সনদ জালিয়াতি করে ভর্তি হওয়ার বিষয়ে অভিযোগ উঠলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটিতে প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমানকে আহ্বায়ক করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন ছাত্র উপদেষ্টা আনোয়ারুল হক ও একাডেমিক শাখার প্রধান উপরেজিস্ট্রার এ টি এম এমদাদুল আলম। তদন্ত কমিটি অনুসন্ধান ও যাচাই-বাছাই শেষে গত রোববার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন-উর রশিদ আসকারির কাছে তদন্ত প্রতিবেদন জমা দেয়।
তদন্ত প্রতিবেদনের সুপারিশের ভিত্তিতে উপাচার্য তাঁর বিশেষ ক্ষমতা বলে সাকিব আহম্মেদকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কার করেছেন। তাঁর বহিষ্কারের বিষয়টি পরবর্তী সিন্ডিকেট বৈঠকে প্রতিবেদন আকারে উপস্থাপন করা হবে বলে জানান ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আবদুল লতিফ। সিন্ডিকেট বৈঠকের সিদ্ধান্তের পর তাঁর বহিষ্কারাদেশ কার্যকর হবে। এ ছাড়া বহিষ্কারাদেশ জারির পর থেকে ওই ছাত্র বিশ্ববিদ্যালয়ের কোনো একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন না বলেও তিনি জানিয়েছেন।