মুক্তিযোদ্ধাকে কুপিয়ে হত্যা, আটক ৭
নওগাঁর পত্নীতলা উপজেলায় গত মঙ্গলবার রাতে নাজিম উদ্দিন (৬৫) নামের এক মুক্তিযোদ্ধাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ওই দিন রাতেই এ ঘটনায় জড়িত সন্দেহে তিন নারীসহ সাতজনকে আটক করে পুলিশ।
নিজাম উদ্দীন উপজেলার মিরইল গ্রামের বাসিন্দা ছিলেন। পুলিশের দাবি, পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রের বিবরণ অনুযায়ী, মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার উষ্ঠি পুকুর পাড়ে পিকনিক শেষে নাজিম উদ্দিন ও বেলাল হোসেন (৪২) বাড়ি ফিরছিলেন। তাঁরা আয়াপুর এলাকায় পৌঁছালে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাঁদের ওপর হামলা চালায়। তাঁদের দুজনকেই এলোপাতাড়ি ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলে নাজিম মারা যান।
এ সময় বেলালের চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে যান। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
খবর পেয়ে গতকাল বুধবার সকালে নাজিম উদ্দিনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রফিক গতকাল বিকেল পাঁচটার দিকে মুঠোফোনে প্রথম আলোকে জানান, এ ঘটনায় নাজিমের স্ত্রী আরিফা বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। তবে পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে রাতেই অভিযান চালিয়ে তিন নারীসহ সাতজনকে আটক করেছে পুলিশ। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।