এবার ঝিনাইদহ সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয়ে এক মুক্তিযোদ্ধাকে পিটিয়ে আহত করা হয়েছে। গতকাল রোববার বিকেলে এ ঘটনা ঘটে।
আহত মুক্তিযোদ্ধার নাম ইউনুছ আলী। বাড়ি ভুটিয়ারগাতি গ্রামে। তাঁকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিক আহাম্মেদ প্রথম আলোকে বলেন, ‘বিকেলে কার্যালয়ে এসে ভুটিয়ারগাতি গ্রামের তিন তরুণ মুক্তিযোদ্ধাদের নামের তালিকা দেখতে চায়। তারা এক ব্যক্তির নাম উল্লেখ করে তিনি কীভাবে মুক্তিযোদ্ধার তালিকায় স্থান পেয়েছেন, তা জানতে চায়। আমি তাদের তালিকা দিতে অপারগতা প্রকাশ করি। এতে তারা ক্ষুব্ধ হয়। পরে মুক্তিযোদ্ধা ইউনুছ আলীকে বাঁশ দিয়ে পিটিয়ে আহত করে।’
ইউনুছ আলী বলেন, ‘আমি মুক্তিযোদ্ধা কার্যালয়ের ভেতরে ছিলাম। পরে ওই তরুণেরা তালিকা নিয়ে বাগ্বিতণ্ডা করলে কক্ষ থেকে বেরিয়ে আসি। হঠাৎ করে তরুণেরা অফিসের ভেতর থেকে বের হয়ে আমার ওপর হামলা চালায়। চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। তখন হামলাকারীরা পালিয়ে যায়।’
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে হিল্লোল নামের এক তরুণকে আটক করা হয়েছে।
এর আগে দুর্বৃত্তরা শৈলকুপায় ও কালীগঞ্জে দুজন মুক্তিযোদ্ধাকে পিটিয়ে আহত করে।