মুক্তিযোদ্ধাকে পেটালেন আওয়ামী লীগের নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার তালতলী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতির বিরুদ্ধে এক মুক্তিযোদ্ধাকে পেটানোর অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে মহান স্বাধীনতা দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে ওই মুক্তিযোদ্ধাকে পেটানো হয় বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী কয়েকজন মুক্তিযোদ্ধা জানান, গতকাল সকালে স্বাধীনতা দিবস উপলক্ষে তালতলী উপজেলা পরিষদের উদ্যোগে স্থানীয় তালতলী বন্দর মাধ্যমিক বিদ্যালয় মাঠে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আবদুল মন্নান বক্তব্য দেন। বক্তব্যে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘মুক্তিযোদ্ধাদের নিয়ে কিছু লোক যখন কটাক্ষ করে (ভুয়া মুক্তিযোদ্ধা) তখন খুব কষ্ট লাগে। এটা যারা করে আমি তাদের নিন্দা জানাই।’ এতে অনুষ্ঠানে উপস্থিত উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ফজলুল হক জমাদ্দার ক্ষুব্ধ হন।
অনুষ্ঠান শেষে বেলা একটার দিকে আবদুল মন্নান ও আরও কয়েকজন মুক্তিযোদ্ধা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের পাশে একটি দোকানে চা খাচ্ছিলেন। এ সময় ফজলুল হকসহ চার-পাঁচজন সেখানে আসেন এবং আবদুল মন্নানের বক্তব্যের প্রসঙ্গ টেনে তর্ক শুরু করেন। একপর্যায়ে ফজলুল হক মুক্তিযোদ্ধা মন্নানকে চড়-ঘুষি মারতে থাকেন এবং টেনেহিঁচড়ে রাস্তায় নিয়ে যান। এরপর লাঠি দিয়ে তাঁকে পেটাতে থাকেন। এটা দেখে লোকজন ও অন্য মুক্তিযোদ্ধারা এগিয়ে গেলে ফজলুল হক চলে যান।
আবদুল মন্নান বলেন, ‘ফজলুল হক মুক্তিযোদ্ধাদের দেখলেই রাস্তাঘাটে ভুয়া মুক্তিযোদ্ধা বলে কটাক্ষ করেন। কয়েকবার এর প্রতিবাদ করেছি। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বক্তৃতায় কারও নাম উল্লেখ না করে বিষয়টি বলেছি। এর জের ধরেই তিনি আমাকে মারধর করেছেন।’ ফজলুল হক জমাদ্দার প্রথম আলোকে বলেন, ‘মুক্তিযোদ্ধা ও ভুয়া মুক্তিযোদ্ধা নিয়ে আবদুল মন্নানের সঙ্গে আমার তর্ক হয়েছে। মারধর করা হয়নি।’