মুক্তিযোদ্ধার ওপর হামলা, দোষীদের শাস্তির দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় এক মুক্তিযোদ্ধা ও তাঁর ছেলেদের ওপর হামলার প্রতিবাদ এবং হামলাকারীদের শাস্তির দাবি জানিয়ে সংবাদ সম্মেলন হয়েছে। গতকাল বৃহস্পতিবার শহরের মোক্তারপাড়া এলাকার একটি ব্যবসাপ্রতিষ্ঠানের সম্মেলনকক্ষে ওই মুক্তিযোদ্ধা সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে হামলার শিকার মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বলেন, গত ১৭ আগস্ট তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় থেকে প্রতি সপ্তাহে ১০ হাজার টাকা হারে তিন মাসের জন্য পাঁচগাঁও বাজারের ইজারা পান। কিন্তু ইজারা পাওয়ার পর থেকেই স্থানীয় সাংসদ ছবি বিশ্বাসের চাচাতো ভাই পলাশ বিশ্বাস তাঁর লোকজন নিয়ে টোল আদায়ে বাধা দেন ও চাঁদা দাবি করেন। এ বিষয়ে তিনি জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেন। গত সোমবার তিনি বাজারের টোল আদায় করতে গেলে পলাশ বিশ্বাসের নেতৃত্বে অন্তত ১৫ জন লোক তাঁর ও তাঁর লোকদের ওপর হামলা চালান। এতে তিনি ও তাঁর ছেলে হেলাল উদ্দিন, রাজন, নাতি হিমেলসহ পাঁচজন আহত হন। ওই দিনই তিনি কলমাকান্দা থানায় পলাশ বিশ্বাসসহ ১৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন।

পলাশ বিশ্বাস বলেন, ‘আমি ও আমার লোকজন কোনো মুক্তিযোদ্ধার ওপর হামলা চালায়নি। নুরুল ইসলাম সাংসদ ছবি বিশ্বাস ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা চন্দন বিশ্বাসকে অশ্রাব্য ভাষায় গালি দিয়েছিলেন।’