মুক্তিযোদ্ধার গলাকাটা লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুরে পাঁচ দিন নিখোঁজ থাকার পর অবশেষে মুক্তিযোদ্ধা মোস্তফা কামালের (৬৫) গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে সখীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গড়গোবিন্দপুর এলাকার একটি ধানখেতে তাঁর লাশ পড়ে থাকতে দেখা যায়।

পুলিশ লাশটি উদ্ধার করে বিকেলেই টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

নিহত মোস্তফার ভাই আবদুল আজিজ জানান, গত বৃহস্পতিবার দুপুরে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের প্রশিকা কার্যালয়ের পাশে নিজ বাসা থেকে ওই মুক্তিযোদ্ধা নিখোঁজ হন। এরপর অনেক খোঁজাখুঁজির পর গতকাল তাঁর গলা ও পায়ের রগ কাটা লাশ পাওয়া যায়।

সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেন লাশের সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করেন, লাশের গলা কাটা ছাড়াও দুই পায়ের রগ ও গুপ্তস্থান কেটে ফেলা হয়েছে। তিনি ধারণা করেন, কমপক্ষে দুই দিন আগে দুর্বৃত্তরা তাঁকে অন্যত্র হত্যা করে রোববার রাতে ওই স্থানে লাশ ফেলে যায়।

সখীপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. ওসমান গণি প্রথম আলোকে বলেন, ১৯৭১ সালে টাঙ্গাইলে যে ১০ জন ছাত্র প্রথম মুক্তিবাহিনী গঠন করেন, মোস্তফা কামাল তাঁদের একজন ছিলেন। তিনি প্রগতিশীল ধ্যান-ধারণার লোক ছিলেন। সখীপুর থানার ওসি বজলুর রশীদ প্রথম আলোকে বলেন, এ হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।