মুক্তিযোদ্ধার বাড়ি ভাঙচুর, মামলার প্রধান আসামি গ্রেপ্তার
সৈয়দপুরে চাঁদা না পেয়ে এক মুক্তিযোদ্ধার বাড়ি ভাঙচুর মামলার প্রধান আসামি মো. মালেককে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার সন্ধ্যায় সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এ নিয়ে গতকাল বুধবার পর্যন্ত ওই ঘটনায় জড়িত দুই আসামিকে গ্রেপ্তার করল পুলিশ। গতকাল বুধবার মালেককে আদালতের মাধ্যমে নীলফামারী জেলহাজতে পাঠানো হয়েছে।
এলাকার একদল চিহ্নিত সন্ত্রাসী গত ২৩ ডিসেম্বর উল্লিখিত এলাকার মুক্তিযোদ্ধা মৃত মহরম আলীর বাড়িতে গিয়ে তাঁর মেয়ে মোবাশ্বেরা বেগমের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। দাবি করা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসীরা মুক্তিযোদ্ধার বাড়ি ভাঙচুর করে। এ ঘটনায় মোবাশ্বেরা বেগম নিজে বাদী হয়ে ওই দিন রাতেই ১০ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাত আরও পাঁচ থেকে ছয়জনকে আসামি করে সৈয়দপুর থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. ওয়াসিম (২২ ) নামে একজনকে গ্রেপ্তার করে।
সৈয়দপুর থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) নাজমুল হোসেন জানান, মামলার অন্য আসামিরা গা-ঢাকা দিয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
গত ২৪ ডিসেম্বর প্রথম আলোর বিশাল বাংলা পাতায় ‘সৈয়দপুরে চাঁদা না পেয়ে মুক্তিযোদ্ধার বাড়ি ভাঙচুর ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।