জামালপুরের সরিষাবাড়ীতে গত শুক্রবার রাতে দুর্বৃত্তরা মুক্তিযোদ্ধা ঈমান আলীর বাড়িঘরে অগ্নিসংযোগ করেছে। এর আগে গত ৩০ ডিসেম্বর পৌরসভা নির্বাচনের দিন তাঁকে মারধর করে গুরুতর আহত করা হয়। ঘটনার পরদিন তিনি মামলা করেন। তখন থেকে আসামিরা মামলা তুলে নিতে তাঁকে হুমকি দিয়ে আসছিলেন।
পুলিশ, এজাহার ও মুক্তিযোদ্ধার পরিবার সূত্রে জানা যায়, ৩০ ডিসেম্বর সকাল সাড়ে আটটায় পৌরসভা নির্বাচনে আলহাজ বিদ্যানিকেতন কেন্দ্রে ভোট দিয়ে বাড়ির উদ্দেশে রওনা হন ঈমান আলী (৬৫)। কেন্দ্রের ফটকের সামনে মাইজবাড়ি গ্রামের বিএনপির সমর্থক আসাদুজ্জামানের (৪০) নেতৃত্বে বেশ কয়েকজন ঈমান আলীকে পিটিয়ে গুরুতর আহত করেন। এরপর ঈমান আলীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরদিন ঈমান আলী বাদী হয়ে আসাদুজ্জামানকে প্রধান আসামি করে নয়জনের বিরুদ্ধে সরিষাবাড়ী থানায় মামলা করেন। এরপর থেকে মামলা প্রত্যাহার করার জন্য ঈমান আলী ও তাঁর পরিবারের সদস্যদের নানাভাবে হুমকি-ধমকি দিচ্ছিলেন আসামিরা। শুক্রবার রাতে আসাদুজ্জামান তাঁর দলবল নিয়ে ঈমান আলীর বাড়িঘরে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডে তাঁর বাড়ির একটি খড়ের পালা, রান্নাঘরসহ আসবাব ভস্মীভূত হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ঈমান আলী বলেন, ‘গত ৩০ ডিসেম্বর কেন্দ্রে ভোট দিয়ে বাড়ির উদ্দেশে রওনা হই। কেন্দ্রের ফটকের সামনে মাইজবাড়ি গ্রামের বিএনপির সমর্থক আসাদুজ্জামান, লিখন মিয়া (২০) ও তাদের দলবল আমাকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে। এরপর থেকে আমি হাসপাতালে চিকিৎসায় আছি। গতকাল রাতে তারা আমার বাড়িতে আগুন ধরিয়ে দেয়। আমাকে ও আমার পরিবার-পরিজনকে ওরা মেরে ফেলার হুমকিও দিয়েছে।’
ঈমান আলীর ছেলে টিটু মিয়া বলেন, ‘আমরা নৌকায় ভোট দিয়েছি। তাই ওরা আমার বাবাকে পিটিয়েছে। আমাদের বাড়িঘরে আগুন দিয়েও ওরা শান্ত হয়নি। মামলা তুলে নেওয়ার জন্য হত্যার হুমকি দিচ্ছে।’
উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ছানোয়ার হোসেন বলেন, এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ বি এম আসাদুজ্জামান বলেন, মুক্তিযোদ্ধা ঈমান আলীকে ১১ দিন ধরে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদুল কবির তালুকদার বলেন, নির্বাচনের দিন একটু মারামারি হয়েছে।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোফাজ্জল হোসেন বলেন, ‘নৌকায় ভোট দেওয়ায় বিএনপির সমর্থকেরা তাঁকে (ঈমান আলী) পিটিয়ে গুরুতর আহত করে। বাড়িঘরে আগুনও ধরিয়ে দেয়। মুক্তিযুদ্ধ করে আমরা দেশ শত্রুমুক্ত করেছিলাম। কিন্তু দেখা গেল, এখনো দেশে শত্রু আছে।’
সরিষাবাড়ী থানার মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) রিপন কুমার পাল বলেন, আসামিরা পলাতক থাকায় গ্রেপ্তার করা যাচ্ছে না।