মুক্তিযোদ্ধার বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের চিতলমারীতে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে গতকাল শনিবার প্রতিপক্ষরা এক মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা চালিয়ে তাঁর স্ত্রীসহ আটজনকে জখম করেছে। এ সময় তারা ঘরবাড়ি ভাঙচুর এবং দুই লাখ টাকা ও স্বর্ণালংকার লুট করেছে বলে অভিযোগ উঠেছে।
উপজেলার শিবপুর ইউনিয়নের নালুয়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত ব্যক্তিরা হলেন দবির হোসেনের স্ত্রী ফিরোজা দবির (৫৫), তাঁর ভাতিজা আবু সাঈদ (৪২), জাকির হোসেন (৩০), আবদুস সালাম (৪৫), আলমগীর হোসেন (৩৬), পুত্রবধূ মিলন বেগম (৩০) ও আঁখি বেগম (২৪) এবং প্রতিপক্ষ অহিদুজ্জামান মোল্লা (৫০), তৌহিদুল মোল্লা (৫০) ও তাঁর সহযোগী ইলিয়াস মোল্লা (৩২) ও জাকির মোল্লা (৩৫)।
পরিবারের বরাত দিয়ে চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, মুক্তিযোদ্ধা দবির হোসেনের সঙ্গে প্রতিবেশী অহিদুজ্জামান মোল্লার দুই কাঠা জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। ওই বিরোধের জের ধরে শনিবার সকালে অহিদ মোল্লার নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল লাঠিসোঁটা নিয়ে দবিরের বাড়িতে ঢুকে ভাঙচুর শুরু করে। দবিরের ভাতিজারা প্রতিরোধ করতে এলে হামলাকারী অহিদুজ্জামান ও তাঁর তিন সহযোগী আহত হন। একপর্যায়ে প্রতিপক্ষরা ফিরোজা দবির, তাঁর ভাতিজা ও পুত্রবধূদের এলোপাতাড়ি পেটায়। পরে তারা ঘরে থাকা দুই লাখ টাকা ও কিছু স্বর্ণালংকার নিয়ে যায় বলে দবির হোসেনের পরিবার দাবি করে। এ ঘটনায় দবিরের ভাতিজা জাহাঙ্গীর হোসেন বিকেলে বাদী হয়ে অহিদুজ্জামানসহ ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১২-১৩ জনের বিরুদ্ধে চিতলমারী থানায় একটি মামলা করেন।
ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলাকারীদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে বলে জানান তিনি।