মুক্তিযোদ্ধার বাড়িতে ডাকাতি, আহত ৫
গাজীপুরের মিরেরগাঁও এলাকায় এক মুক্তিযোদ্ধার বাড়িতে গত শুক্রবার রাতে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতদের হামলায় মুক্তিযোদ্ধাসহ পাঁচজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত ব্যক্তিরা হলেন মুক্তিযোদ্ধা আবদুল কাদের (৬৫), তাঁর দুই ছেলে মঞ্জুরুল করিম (৩৬) ও শিবলু মিয়া (২৮) এবং প্রতিবেশী সহোদর ইমান উদ্দিন (৪৫) ও আমির উদ্দিন (৬০)।
জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউল হাসান দাবি করেন, এটি ডাকাতির ঘটনা নয়, পূর্বশত্রুতার জের ধরে ওই হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে।
এলাকার বাসিন্দা ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, মিরেরগাঁও এলাকায় মুক্তিযোদ্ধা আবদুল কাদেরের বাড়িতে শুক্রবার দিবাগত রাত একটার দিকে ১৫-১৬ জন ডাকাত হানা দেয়। তারা ঘরের দরজা ভেঙে ভেতর ঢোকে এবং অস্ত্রের মুখে আবদুল কাদের, মঞ্জুরুল ও শিবলুকে জিম্মি করে। পরে তারা ঘরে থাকা স্বর্ণালংকার, টাকা, মুঠোফোনসহ প্রয়োজনীয় মালামাল লুট করে। একপর্যায়ে কাদের, মঞ্জুরুল ও শিবলু চিৎকার শুরু করলে হামলাকারীরা দা, চাপাতি দিয়ে তাঁদের এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এ সময় ইমান উদ্দিন, আমির উদ্দিন এগিয়ে গেলে তারা তাঁদেরও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকার লোকজনের সহায়তায় আহত ব্যক্তিদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যায়। পরে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।