মুক্তির পর আবারও আটক টিংকু দাশ
পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও ছাত্রদলের সাবেক নেতা টিংকু দাশকে জামিনে মুক্তির পর আবারও কারা ফটক থেকে আটক করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ফটক থেকে তাঁকে আটক করে কোতোয়ালি থানার পুলিশ।
এর আগে জামিনে মুক্তির পর গত মঙ্গলবার চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ফটক থেকে টিংকু দাশকে আটক করা হয়। পুলিশের ওপর হামলা ও সংঘর্ষের ঘটনায় পরদিন তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের উপকারাধ্যক্ষ মো. মনির হোসেন প্রথম আলোকে বলেন, কোতোয়ালি থানার মামলায় গতকাল টিংকু দাশের জামিননামা আসে কারাগারে। সন্ধ্যায় তাঁকে মুক্তি দেওয়ার পর পুলিশ আটক করে নিয়ে যায়।
টিংকু দাশকে আটকের কথা স্বীকার করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন জানান, তালিকাভুক্ত সন্ত্রাসী টিংকুকে কাল (আজ) আদালতে হাজির করা হবে।