মুক্তির পর কারা ফটক থেকে আটক জামায়াত নেতা
জামিনে মুক্তির পর কারা ফটক থেকে চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামের সেক্রেটারি নজরুল ইসলামকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেলে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ফটক থেকে তাঁকে আটক করে নগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক মো. ছগির মিয়াবলেন, উচ্চ আদালত ও নিম্ন আদালত থেকে ১৪টি মামলায় জামিননামা পাওয়ার পর জামায়াত নেতা নজরুল ইসলামকে গতকাল সোমবার বিকেলে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।
নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ হাছান চৌধুরী জানান, জামায়াত নেতা নজরুল ইসলামের বিরুদ্ধে আরও কয়েকটি মামলা থাকতে পারে থানায়। এসব বিষয় যাচাই-বাছাইয়ের জন্য তাঁকে কারা ফটক থেকে আটক করা হয়েছে। পরে সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
গত ১২ মে নগরের দেওয়ানবাজার এলাকায় নগর জামায়াতে ইসলামের কার্যালয় থেকে ২১ নেতা-কর্মীকে আটক করে পুলিশ। পরে তাঁদের কারাগারে পাঠান আদালত।