মুক্তির পর কারা ফটকে আটক বিএনপি নেতা আসলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাঙচুর ও বিস্ফোরক আইনে করা মামলায় জামিনে মুক্তির পর চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আসলাম চৌধুরীকে কারা ফটক থেকে আটক করেছে পুলিশ।

আজ সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ফটকের সামনে থেকে তাঁকে আটক করে কোতোয়ালি থানার পুলিশ।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের উপ-কারাধ্যক্ষ মো. মনির হোসেন সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে জানান, কোতোয়ালি থানার বিস্ফোরক ও ভাঙচুর আইনের মামলায় আসলাম চৌধুরীর জামিননামা পাওয়ার পর তাঁকে মুক্তি দেওয়া হয়। পরে কারা ফটক থেকে তাঁকে আটক করে নিয়ে যায় পুলিশ।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন আসলাম চৌধুরীকে আটক করার কথা স্বীকার করে বলেন, নগর ও জেলার বিভিন্ন থানায় দায়ের হওয়া মামলায় তাঁর (আসলাম) বিরুদ্ধে নাশকতার পরিকল্পনা ও নির্দেশের অভিযোগ রয়েছে। রাতে যাচাই-বাছাই করে আগামীকাল তাঁকে কোনো মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হতে পারে।
গত ৫ জানুয়ারি সন্ধ্যায় চট্টগ্রাম নগর বিএনপির কার্যালয় নাসিমন ভবনের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করেছিল পুলিশ। ওই দিন বিএনপি-জামায়াতের ২৯৭ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়।
চট্টগ্রাম নগর বিএনপির নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, গত ৫ জানুয়ারি ঢাকায় বিএনপিকে সমাবেশের অনুমতি না দিলেও চট্টগ্রামে ২০-দলীয় জোটকে সমাবেশ করতে দেয় পুলিশ। তবে সমাবেশ শুরু হওয়ার কিছুক্ষণ পরই তা পুলিশি বাধায় পণ্ড হয়ে যায়। এ সময় সংঘর্ষে তিন পুলিশসহ ১৫ জন আহত হন। সংঘর্ষের পর রাতেই বিএনপি ও জামায়াতের ৩৮৮ নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত এক হাজার ব্যক্তিকে আসামি করে পুলিশ বাদী হয়ে কোতোয়ালি থানায় ভাঙচুর ও বিস্ফোরক আইনে মামলা করা হয়।