মুক্তির পর কারাফটক থেকে জামায়াত নেতা আটক
জামিনে মুক্তির পর কারাফটক থেকে চট্টগ্রাম নগর জামায়াতের আমির আ ন ম শামসুল ইসলামকে আটক করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ফটক থেকে তাঁকে আটক করে নগর গোয়েন্দা পুলিশ।
২০১৪ সালের ১২ মে নগরের দেওয়ানবাজার এলাকার নগর জামায়াতের কার্যালয় থেকে শামসুল ইসলামকে গ্রেপ্তার করেছিল পুলিশ।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের উপকারাধ্যক্ষ মো. মনির হোসেন জানান, গত মঙ্গলবার সন্ধ্যায় কারাগারে শামসুল ইসলামের জামিননামা পৌঁছায়। বুধবার তাঁকে জামিনে মুক্তি দেওয়া হয়। পরে কারাফটক থেকে পুলিশ তাঁকে আটক করে।
নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার এস এম তানভীর আরাফাত বলেন, নগর ও জেলায় বিভিন্ন নাশকতার ঘটনার সঙ্গে শামসুল ইসলামের জড়িত থাকার তথ্য রয়েছে পুলিশের কাছে। যাচাই-বাছাই করে তাঁকে জেলার মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হতে পারে। তিনি জানান, শামসুল ইসলামকে জেলা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।