মুক্তির পরই কারাফটকে আটক জামায়াত নেতা
জামিনে মুক্তির পর কারাফটক থেকে চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি নজরুল ইসলামকে আটক করা হয়েছে। আজ সোমবার বিকেলে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ফটক থেকে তাঁকে আটক করে নগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক মো. ছগির মিয়া প্রথম আলোকে বলেন, উচ্চ ও নিম্ন আদালত থেকে ১৪টি মামলায় জামিননামা পাওয়ার পর নজরুল ইসলামকে আজ বিকেলে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।
নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ হাছান চৌধুরী জানান, জামায়াতের নেতা নজরুল ইসলামের বিরুদ্ধে আরও কয়েকটি মামলা থাকতে পারে থানায়। এসব বিষয় যাচাইবাছাইয়ের জন্য তাঁকে কারা ফটক থেকে আটক করা হয়েছে। পরে সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
গত ১২ মে নগরের দেওয়ানবাজার এলাকায় নগর জামায়াতে ইসলামীর কার্যালয় থেকে ২১ নেতা–কর্মীকে আটক করে পুলিশ। পরে তাঁদের কারাগারে পাঠান আদালত।