মুক্তির ১০ দিনের মধ্যে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছিনতাইয়ের দায়ে দুই বছরের সাজা খেটে মাত্র ১০ দিন আগে কারাগার থেকে বের হয়েছিলেন মোহাম্মদ ফোরকান ওরফে বিল্ডার সুমন (২৬)। গতকাল সোমবার ছিনতাইয়ের অভিযোগে তাঁকে আবার গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গতকাল বিকেলে দুই সহযোগীসহ ফোরকানকে গ্রেপ্তার করে চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার পুলিশ। গ্রেপ্তার অন্য দুজন হলেন মোহাম্মদ সোহেল (২২) ও সাজ্জাদ হোসেন (২৯)।
চান্দগাঁও থানা সূত্রের ভাষ্যমতে, গত রোববার সকালে নগরের বহদ্দারহাট বাস টার্মিনাল এলাকায় এক স্কুলশিক্ষিকাকে ভয়ভীতি দেখিয়ে তাঁর কাছ থেকে প্রায় তিন ভরি স্বর্ণালংকার ছিনিয়ে নেন ফোরকান ও তাঁর দুই সহযোগী। ওই শিক্ষিকা এ ব্যাপারে চান্দগাঁও থানায় লিখিত অভিযোগ দেন।
চান্দগাঁও থানার উপপরিদর্শক (এসআই) গোলাম মোহাম্মদ নাসিম প্রথম আলোকে বলেন, ছিনতাইয়ের শিকার শিক্ষিকা ও ঘটনাস্থলে থাকা লোকজন ছিনতাইকারীদের চেহারার বর্ণনা দেন। এরপর অভিযান চালিয়ে গতকাল ফোরকানকে নগরের বহদ্দারহাটের চেয়ারম্যানঘাটা এলাকার মামার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে মোহাম্মদ সোহেল ও সাজ্জাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়।
চান্দগাঁও থানার উপপরিদর্শক জানান, চান্দগাঁও থানায় একটি ছিনতাইয়ের মামলায় দুই বছরের সাজা খেটে ১০ দিন আগে কারাগার থেকে মুক্তি পান ফোরকান।