শিক্ষার্থী তাপস সরকার হত্যার তিন দিন পর মুখ খুলেছেন ছাত্রলীগের ভিএক্স (ভার্সিটি এক্সপ্রেস) পক্ষের কর্মীরা।
তাপসের হত্যাকারীদের গ্রেপ্তার, হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অপসারণ, ভিএক্স পক্ষের নেতা-কর্মীদের বিরুদ্ধে করা হত্যা মামলা প্রত্যাহারসহ ছয়টি দাবি জানিয়ে গতকাল বুধবার সংবাদ সম্মেলন করেন তাঁরা। এসব দাবি আগামী শনিবারের মধ্যে মেনে নেওয়া না হলে পরদিন রোববার থেকে বিশ্ববিদ্যালয়ে লাগাতার অবরোধ ডাকা হবে বলে হুমকি দেওয়া হয়।
কোনো পূর্ব ঘোষণা ছাড়াই নগরের প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন ভিএক্স পক্ষের কনিষ্ঠ কর্মীরা। এ সময় কোনো জ্যেষ্ঠ নেতা উপস্থিত ছিলেন না। পরে ছয় দফা দাবিসংক্রান্ত একটি বিজ্ঞপ্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত বিভিন্ন সাংবাদিকের ই-মেইলে পাঠিয়ে দেওয়া হয়।
ভিএক্স পক্ষের কর্মী মোহাইমিনুল হক স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, যারা প্রকৃত ছাত্রলীগ করে, তাদের ওপর তাপসের খুনের দায় চাপিয়ে দেওয়া হচ্ছে।
সংবাদ সম্মেলনের বিষয়টি সাংবাদিকদের না জানানোর বিষয়ে জানতে চাইলে মুঠোফোনে মোহাইমিনুল দাবি করেন, তাৎক্ষণিক সিদ্ধান্তে এটি হয়েছে। এ কারণে জানানো যায়নি।
ভিএক্স পক্ষের জ্যেষ্ঠ নেতা জালাল আহমেদ বলেন, ‘জুনিয়ররা সংবাদ সম্মেলন করলেও আমাদের জানিয়েছে। ওই ছয়টি দাবি আমাদের।’
ছয়টি দাবি হলো, তাপস সরকারের মূল হত্যাকারীদের বিচার করা, হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইলকে অপসারণ করা, সিএফসি ও ক্যাম্পাস ছাত্রলীগ পক্ষের নেতা রাকিব, অমিত কুমার ও সুমন মামুনসহ অন্যদের গ্রেপ্তার, ক্যাম্পাসের বাইরে থাকা ছাত্রলীগ কর্মীদের হলে অবস্থান এবং নিরাপত্তা নিশ্চিত করা, আটক ভিএক্স পক্ষের নেতা-কর্মীদের মুক্তি এবং তাদের বিরুদ্ধে দায়ের করা অস্ত্র ও হত্যা মামলা প্রত্যাহার করা।
এ বিষয়ে সিএফসি (চুজ ফ্রেন্ডস উইথ কেয়ার) ও ক্যাম্পাস ছাত্রলীগ পক্ষের নেতা অমিত কুমার বলেন, হত্যাকাণ্ডে কারা জড়িত তা সাংবাদিকদের অনুসন্ধান, পুলিশ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের তদন্তে বেরিয়ে এসেছে। তারা (ভিএক্স) মিথ্যা বলে সত্যকে লুকাতে পারবে না।
ভি এক্সের দাবির বিষয়ে হাটহাজারী থানার ওসি মো. ইসমাইল বলেন, ‘হত্যাকাণ্ডে জড়িত কয়েকজনকে গ্রেপ্তার করায় কেউ কেউ আমার ওপর ক্ষুব্ধ হতে পারে। কিন্তু আমি দায়িত্বে অবহেলা করতে পারব না।’