মুখে কালো কাপড় বেঁধে যশোরে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ধানমন্ডিতে নারী চিকিৎসক শামারুখ মাহজাবিনকে হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল সোমবার বিকেলে যশোর শহরের গাড়িখানা সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

বেলা সোয়া তিনটা থেকে চারটা পর্যন্ত কর্মসূচি চলে। এতে শামারুখের বাবা যশোরের ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির সহকারী প্রকৌশলী নূরুল ইসলাম, সামাজিক সংগঠন জন-উদ্যোগের আহ্বায়ক খায়রুলইমামসহবিভিন্ন শ্রেণি-পেশার দুই শতাধিক মানুষ মুখে কালো কাপড় বেঁধে অংশ নেন।

শামারুখের (২৬) স্বজন, সহপাঠী ও এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। একই দাবিতে আজ মঙ্গলবার যশোর প্রেসক্লাবের সামনে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস বাংলাদেশ (আইডিইবি) ও বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।

ধানমন্ডির বাড়িতে গত বৃহস্পতিবার যশোর-৫ আসনের সাবেক সাংসদ খান টিপু সুলতানের পুত্রবধূ শামারুখের রহস্যজনক মৃত্যু হয়। স্বজনদের দাবি, শামারুখকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই ধানমন্ডি থানায় হত্যা মামলা করা হয়। এ মামলার আসামি শামারুখের স্বামী হুমায়ুন সুলতান কারাগারে আছেন। মামলার আসামি খান টিপু সুলতান ও তাঁর স্ত্রী চিকিৎসক জেসমিন আরা উচ্চ আদালত থেকে আগাম জামিন পেয়েছেন।