মুখোমুখি সংঘর্ষের পর দুই বাসে আগুন, নিহত ৯

নরসিংদীতে গতকাল বুধবার বিকেলে মুখোমুখি সংঘর্ষের পর যাত্রীবাহী দুটি বাসে আগুন ধরে নয়জন নিহত হয়েছেন। ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার বিসিক শিল্পনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও ৫০ জন।
নিহত ব্যক্তিদের মধ্যে আটজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন নরসিংদীর রায়পুরা উপজেলার চরফুলদী গ্রামের মজনু মিয়া (৩৫), চরমধুয়া গ্রামের চান মিয়া (৪৫) ও নূরজাহান বেগম (৪০), বেলাব উপজেলার বিন্নাবাইদ এলাকার নাদিয়া বেগম (১০), শিবপুরের রমিজউদ্দিন হান্নান (৬৫), ব্রাহ্মণবাড়িয়া সদরের শাহনাজ বেগম (২৬) এবং মোহাম্মদ হান্নান (৫০), রিজিয়া বেগম (৪৮)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকাগামী সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাস একটি সিএনজিচালিত অটোরিকশাকে পাশ কাটানোর সময় বিপরীত দিক থেকে আসা মনোহরদীগামী মেঘালয় পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মেঘালয় পরিবহনের বাসটির গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে দুটি বাসে আগুন লেগে যায়। এতে ঘটনাস্থলে তিনজন, নরসিংদী জেলা হাসপাতালে নেওয়ার পথে তিনজন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তিনজন মারা যান। আহত ব্যক্তিদের নরসিংদী জেলা হাসপাতালে ভর্তির পর ১০ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহত ব্যক্তিদের কয়েকজন হলেন রায়পুরার মরজাল এলাকার মো. রতন মিয়া (৩৮), রসুলপুর এলাকার হাসনারা বেগম (৪৫), রায়পুরা সদরের আকতার উদ্দিন (১০), মধ্যনগর এলাকার মাজেদা খাতুন (৪০), বেলাব এলাকার মো. জুয়েল মিয়া (২৫), মো. রাকিব মিয়া (১৪), আইন উদ্দিন (৫০), রোজিনা বেগম (৫২), মনোহরদীর শুকুন্দি এলাকার সোহেল মিয়া (২৮), শিবপুরের শুকুন্দি এলাকার মো. সোহেল মিয়া (৩৫), কুড়বাড়ি এলাকার মুর্শিদা বেগম (৪৩), সদর উপজেলার কান্দাইল এলাকার আবদুল হান্নান মিয়া (৩৮), নেত্রকোনার কেন্দুয়ার আছিয়া বেগম (৪৫), সুনামগঞ্জের নজরুল ইসলাম (২৫), কিশোরগঞ্জের চাউলাকান্দি এলাকার অনিক মিয়া (৩২)।
খবর পেয়ে নরসিংদী ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। দুর্ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কে দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ থাকে। এ সময় প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
নরসিংদী ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন বলেন, মহাসড়কের পাশে ডোবা থাকায় পানির সমস্যা হয়নি। তবে দুর্ঘটনাস্থলে পৌঁছতেই দেরি হয়ে গেছে। এ ছাড়া বাসের গ্যাসের সিলিন্ডার বিস্ফোরিত হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়।
নরসিংদীর জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান ও পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম বলেন, নিহত ব্যক্তিদের লাশ বিনা ময়নাতদন্তে পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।