মুখ্য বিচারিক হাকিমের স্বাক্ষর-সিল জালিয়াতি, ১০ জনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জে মুখ্য বিচারিক হাকিম মো. মতিয়ার রহমানের স্বাক্ষর ও সিল জালিয়াতি করে জাল ওয়ারিশ এফিডেভিট প্রস্তুত করায় আইনজীবীসহ ১০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল সোমবার গোপালগঞ্জ সদর থানায় মামলাটি করেন মুখ্য বিচারিক আদালতের প্রশাসনিক কর্মকর্তা মো. আবদুর গফফার মিয়া।

এ মামলার এজাহারভুক্ত আসামি কাশিয়ানী উপজেলার চাপ্তা গ্রামের মো.কামরুজ্জামানকে গ্রেপ্তার করেছে পুলিশ। কামরুজ্জামান আজ মঙ্গলবার গোপালগঞ্জ তিন নম্বর আমলি আদালতের হাকিম গৌতম কুমার ঘোষের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

মুখ্য বিচারিক আদালতের প্রশাসনিক কর্মকর্তা গফফার মিয়া প্রথম আলোকে জানান, ‘গত ২৭ সেপ্টেম্বর প্রস্তুত করা জালিয়াতিপূর্ণ ওই এফিডেভিটটি গত রোববার আমার হস্তগত হয়। এটি মুখ্য বিচারিক হাকিমকে দেখালে তিনি তাঁর স্বাক্ষর ও সিল জাল বলে অভিমত জানান। এ কারণে জালিয়াতির অভিযোগে গোপালগঞ্জ জজকোর্টের আইনজীবী মুরাদ হোসেনসহ ১০ জনকে আসামি করে এ মামলাটি করা হয়।’

মামলার তদন্তকারী কর্মকর্তা গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মুকুল হোসেন সরদার প্রথম আলোকে বলেন, আইনজীবী বাদে এ মামলার বাকি নয় আসামি পরস্পর ভাই ও বোন। এজাহারভুক্ত ১ নম্বর আসামি মো. কামরুজ্জমানকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন। আইনজীবীসহ বাকি আসামিরা পলাতক। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।