মুগদায় শিশু ধর্ষণের অভিযোগে একজন আটক
রাজধানীর মুগদা এলাকায় গতকাল শনিবার সাত বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে আকবর আলী নামের এক ব্যক্তিকে স্থানীয় লোকজন পিটুনি দিয়ে মুগদা থানায় সোপর্দ করে।
গুরুতর অবস্থায় ওই শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন আগে শিশুটির মায়ের সঙ্গে তার বাবার ছাড়াছাড়ি হয়ে যায়। এরপর তার মায়ের সঙ্গে আকবর আলীর বিয়ে হয়। বিয়ের পর মুগদা এলাকার দক্ষিণ মান্ডার এক বাড়িতে মায়ের সঙ্গে থাকত ওই শিশুটি।
গতকাল বেলা আড়াইটার দিকে ঘরে ঢুকে শিশুটিকে ধর্ষণ করেন আকবর আলী। এ সময় শিশুটি চিৎকার দিলে আকবর পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। চিৎকার শুনে প্রতিবেশীরা এসে পিটুনি দিয়ে আকবরকে মুগদা থানার পুলিশের কাছে তুলে দেন।
মুগদা থানার উপপরিদর্শক (এসআই) রাফাত আরা সুলতানা প্রথম আলোকে বলেন, আকবর আলীকে আটক করে থানা আনা হয়েছে।
সন্ধ্যা সাতটা পর্যন্ত এ ঘটনায় শিশুটির পরিবারের কেউ মামলা করতে আসেনি। চিকিৎসার জন্য শিশুটিকে ওসিসিতে ভর্তি করা হয়েছে।