মুগদায় সাবেক স্বামীর ছুরিকাঘাতে নারী আহত
সাবেক স্বামীর ছুরিকাঘাতে আহত হয়েছেন আকলিমা খাতুন (২৩)। গত রোববার রাতে রাজধানীর মুগদায় এ ঘটনা ঘটে।
আকলিমার বাবা আরফান মিয়া জানান, ছয় বছর আগে পারিবারিকভাবে ফরিদ মিয়ার সঙ্গে আকলিমার বিয়ে হয়। বিয়ের পর থেকেই আকলিমাকে মারধর করতেন ফরিদ। জীবিকার তাগিদে আড়াই বছর আগে তাঁরা ঢাকায় আসেন। মুগদার উত্তর মান্ডায় একটি বাসা ভাড়া নিয়ে তাঁরা থাকতেন। আকলিমা বিভিন্ন বাসায় গৃহকর্মীর কাজ করলেও ফরিদ কিছু করতেন না। মাস দুয়েক আগে আকলিমাকে মেরে মাথা ফাটিয়ে দেন ফরিদ। নির্যাতন সইতে না পেরে ২০-২৫ দিন আগে ফরিদকে তালাক দেন আকলিমা। এরপর উত্তর মান্ডার কাজিবাড়ি গলির একটি বাসায় আকলিমা তাঁর মা ও দুই ভাইয়ের সঙ্গে থাকতেন। এই বাসা থেকে একটু দূরে আকলিমার বড় বোন রাশিদার বাসা। রোববার বোনের সঙ্গে দেখা করতে রাশিদার বাসায় গিয়েছিলেন আকলিমা। রাত নয়টার দিকে ফরিদ ওই বাসায় এসে আকলিমাকে নিয়ে যেতে চান। আকলিমা যেতে রাজি না হলে তাঁকে টেনেহিঁচড়ে পাশের একটি বালুর মাঠে নিয়ে যান। সেখানে একটি ছুরি দিয়ে আকলিমার বুক ও যৌনাঙ্গে আঘাত করেন। এতে তাঁর একটি স্তন শরীর থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়।
আরফান মিয়া বলেন, চিৎকার শুনে আশপাশের লোকজন আকলিমাকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে পাঠান। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকের বরাত দিয়ে তিনি বলেন, আকলিমার অবস্থা আশঙ্কাজনক।
জানতে চাইলে মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, এ ঘটনায় গতকাল রাত আটটা পর্যন্ত কোনো মামলা হয়নি। ভুক্তভোগীর পরিবারকে খবর পাঠানো হয়েছে, তাঁরা এলেই মামলা হবে। তিনি বলেন, মামলা না হলেও ফরিদ মিয়াকে আটক করতে পুলিশের অভিযান চলছে।