টমেটোতে আর রাসায়নিক ছিটাবেন না—এই মর্মে রাজশাহীর গোদাগাড়ীর আট ব্যবসায়ী গতকাল শনিবার র্যাবের কাছে মুচলেকা দিয়ে ছাড়া পেয়েছেন।
র্যাব-৫ রাজশাহীর দুটি দল গতকাল দুপুরে উপজেলার বিজয়নগর ও সোনাদীঘি গ্রামে অভিযান চালায়। এ সময় টমেটোতে রাসায়নিক উপাদান ছিটানোর অভিযোগে দুই গ্রামের আট ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তাঁরা মুচলেকা দিয়ে ছাড়া পান।
র্যাব-৫-এর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মীর্জা গোলাম সারওয়ার পিপিএম জানান, আটক ব্যবসায়ীরা তাঁদের অপরাধ স্বীকার করেছেন এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ করবেন না বলে প্রতিশ্রুতি দিয়েছেন। তাই তাঁদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
জানা গেছে, গোদাগাড়ীতে এখন জমি থেকে তোলা হচ্ছে কাঁচা টমেটো। এই টমেটো ঝকঝকে আকর্ষণীয় করে তুলতে অনেকে শ্যাম্পু দিয়ে ধুইছেন। পরে তা রোদে বিছিয়ে সবুজ টমেটো লাল করতে ছিটাচ্ছেন রাসায়নিক। পচন রোধে দেন আলাদা এক ধরনের রাসায়নিক। আগাম বাজারে ছাড়ার জন্য অতি মুনাফালোভী এই আট ব্যবসায়ী এই পদ্ধতিতে টমেটো প্রক্রিয়াজাত করে বাজারজাত করে আসছিলেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হোসেন আলী বলেন, রাসায়নিক উপাদান মিশ্রিত এসব টমেটো খেলে মানুষের পেটের পীড়া, কিডনির সমস্যা বা ক্যানসারের মতো রোগের ঝুঁকি থাকে।