মুচলেকা দিয়ে ছাড়া পেলেন চেয়ারম্যান!
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার জয়পুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আইনুল হক চৌধুরীসহ সাতজনকে গত মঙ্গলবার রাতে জুয়ার আসর থেকে আটক করে গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ। পরে আইনুল মুচলেকা দিয়ে ছাড়া পান বলে জানিয়েছে ডিবি পুলিশ।
আইনুল স্থানীয় জয়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিও।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তিনি মাঝে মাঝে তাস খেলেন। ওই দিন রাতেও তাস খেলেছেন। তিনি এ ঘটনায় কোনো মুচলেকা দেননি বলে দাবি করেন।
দিনাজপুর ডিবি পুলিশের এসআই আইয়ুব আলী বলেন, ভাগলপুর বাগানের মধ্যে আইনুল হকের ভাইয়ের একটি পরিত্যক্ত বাড়িতে জুয়ার আসর বসার সংবাদ পায় ডিবি পুলিশ। সেখানে ওই দিন রাত আটটার দিকে অভিযান চালিয়ে চেয়ারম্যানসহ সাতজনকে আটক করা হয়। সেখান থেকে ১০ বান্ডিল তাস ও ৩২ হাজার ৩৭৭ টাকাও জব্দ করা হয়। চেয়ারম্যান আইনুলকে মুচলেকা নিয়ে একজন আইনজীবীর জিম্মায় ছেড়ে দেওয়া হয়। বাকি ছয়জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেকের কাছ থেকে এক হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়।