প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শেরপুরে মুচলেকা দিয়ে মুক্তি পেয়েছেন স্কুলছাত্রী উত্ত্যক্তকারী তরুণ ফারহান (২২)। ফারহান গাবতলী উপজেলার বাগবাড়ী গ্রামের মৃত রুহুল আমিন তালুকদারের ছেলে। গত মঙ্গলবার দুপুরে পুলিশ তাঁকে শহরের সকালবাজার এলাকা থেকে আটক করে। শেরপুর ডি জে হাইস্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি বদরুল ইসলাম পোদ্দার বলেন, অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রী (১৩) বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে স্কুলের সামনে ওই তরুণ তাকে উত্ত্যক্ত করে। এতে ছাত্রী প্রতিবাদ করে। এ ঘটনা দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দিয়ে ফারহানকে তুলে দেয়। শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ হাশমী বলেন, বিকেলে ফারহান অপরাধ স্বীকার করে এবং নিজেকে শোধরানোর প্রতিশ্রুতি দিয়ে থানায় মুচলেকা দেয়।