মুছার ভাইসহ দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম (মিতু) হত্যার ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের একজন মূল সন্দেহভাজন কামরুল শিকদারের (মুছা) বড় ভাই সাইদুল ইসলাম ওরফে সাকু। হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেলটি মুছা তাঁর কাছ থেকে কিনেছেন। গ্রেপ্তার হওয়া আরেক আসামি মো. শাহজাহান হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেন।

এর আগে গ্রেপ্তার হওয়া দুই আসামি ওয়াসিম ও আনোয়ার জবানবন্দিতে শাহজাহানের নাম বলেছেন। হত্যাকাণ্ডের সময় ঘটনাস্থলের পাশে ছিলেন তিনি।

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য প্রথম আলোকে বলেন, সাইদুলকে রাঙ্গুনিয়া ও শাহজাহানকে নগরের অক্সিজেন এলাকা থেকে গতকাল শুক্রবার সকালে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল বিকেলে চট্টগ্রাম আদালতে হাজির করা হয় সাইদুল ও শাহজাহানকে। পুলিশি পাহারায় তাঁরা দুজন আদালত প্রাঙ্গণে প্রথম আলোকে বলেন, মুছাকে পুলিশ ধরেছে বলে শুনেছেন তাঁরা। এ সময় সাইদুল দাবি করেন, গত ২২ জুন নগরের বন্দর এলাকায় এক আত্মীয়ের বাড়ি থেকে পুলিশ তাঁকে আটক করে। পরে বন্দর থানাহাজতে রাখা হয় তাঁকে। পুলিশ তাঁর ছোট ভাই মুছা সম্পর্কে তাঁর কাছে তথ্য জানতে চায়। তিনি বলেন, মুছার ভাই হওয়াতেই পুলিশ তাঁকে আটক করে। নিজেকে মোটরসাইকেল গ্যারেজের মিস্ত্রি পরিচয় দিয়ে সাইদুল বলেন, মাহমুদা হত্যার ২২ দিন আগে ৩৫ হাজার টাকায় মুছার কাছে মোটরসাইকেলটি তিনি বিক্রি করেন। তবে তাঁর কাছে গাড়ির কোনো কাগজপত্র ছিল না।

সাইদুলের দাবির বিষয়ে জানতে চাইলে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মহিউদ্দিন সেলিম গতকাল বিকেলে প্রথম আলোকে, সাইদুল নামের কোনো আসামিকে তাঁরা থানাহাজতে আটকে রাখেননি।

পুলিশের উপস্থিতিতে আদালত প্রাঙ্গণে আরেক আসামি শাহজাহান বলেন, ২৪ জুন নগরের অক্সিজেন এলাকা থেকে পুলিশ তাঁকে আটক করে। তিনি পোশাক কারখানায় কাজ করেন। তাঁর বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় একটি হত্যা মামলা রয়েছে। আটকের পর তাঁকে নগরের দামপাড়া পুলিশ লাইনে রাখা হয় বলে তিনি দাবি করেন। তিনি বলেন, সপ্তাহ খানেক আগে তিনি নবীকে (মাহমুদাকে ছুরিকাঘাত করেন, এখনো পলাতক) দেখেছেন দামপাড়া পুলিশ লাইনে।

তবে শাহজাহানের করা এই দাবি অস্বীকার করেছেন দেবদাস ভট্টাচার্য।

মামলার তদন্ত কর্মকর্তা চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মো. কামরুজ্জামান বলেন, গ্রেপ্তার হওয়া শাহজাহান ও সাকুকে জিজ্ঞাসাবাদ করতে আদালতে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ হারুন অর রশিদ ১৭ জুলাই রিমান্ড শুনানির দিন ধার্য করেন এবং দুই আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এদিকে মুছার শ্বশুর ও সাইদুলের চাচা অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল মো. ফারুক প্রথম আলোকে বলেন, তাঁর মেয়ের জামাই যদি দোষী হয়ে থাকেন তাহলে পুলিশ তাঁকে গ্রেপ্তার করুক। তাঁর কাছ থেকে জবানবন্দি নিক। মুছাকে কে বা কারা মাহমুদা হত্যার নির্দেশ দিয়েছেন, তা জবানবন্দিতে উঠে আসবে। তিনি বলেন, ‘মুছাকে গুম করে রাখা হয়েছে কেন? এর পেছনে নিশ্চয় প্রশাসনের কোনো রহস্য রয়েছে।’

মুছা ও সাইদুলের ছোট বোন জান্নাতুল ফেরদৌস মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘একজনকে (সাইদুল) ১০ দিন আগে আটক করে কেন শুক্রবার গ্রেপ্তার দেখানো হলো? আমার ভাই মুছাকে জীবিত কিংবা মৃত ফেরত চাই।’

ডিবি পুলিশ গত ২২ জুন মুছাকে এক আত্মীয়ের বাসা থেকে ধরে নিয়ে গেছে বলে তাঁর স্ত্রী পান্না আক্তার দাবি করেছেন। গতকাল সন্ধ্যায় তিনি বলেন, ‘আমার স্বামী প্রশাসনের কাজ করত। বিনা পয়সার সোর্স ছিল। তাঁকে কেন গুম করে রাখা হলো। আমার স্বামীকে ফেরত চাই।’

তবে পুলিশ বলছে তাঁকে আটক কিংবা হেফাজতে নেয়নি। পুলিশের দাবি অনুযায়ী, এখনো পলাতক রয়েছেন হত্যাকাণ্ডে অংশ নেওয়া মুছা, মো. কালু, মো. রাশেদ ও নূর নবী।

 গত ৫ জুন সকালে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় চট্টগ্রামের জিইসি এলাকায় গুলি ও ছুরিকাঘাতে খুন হন মাহমুদা। হত্যাকাণ্ডের পর তাঁর স্বামী বাবুল আক্তার বাদী হয়ে অজ্ঞাতপরিচয় তিন ব্যক্তিকে আসামি করে মামলা করেন। পুলিশ বলছে, গ্রেপ্তার আনোয়ার ও ওয়াসিম জবানবন্দিতে বলেছেন, মাহমুদা হত্যার পুরো বিষয়টির সমন্বয় করেন মুছা।