মুজগুন্নী পার্কের টিকিটের দাম বেশি রাখায় জরিমানা
৫০ টাকার প্রবেশমূল্যের টিকিট দর্শনার্থীদের কাছ থেকে জোর করে ৭০ টাকা নেওয়ার দায়ে খুলনা নগরের মুজগুন্নী এসএস ওয়ার্ল্ড শিশুপার্কের মালিক গাজী সাত্তারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল শনিবার বিকেলে খুলনা জেলা প্রশাসনের নির্বাহী হাকিম আতিকুল ইসলামের নেতৃত্বে ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) খুলনার সদস্যরা সহযোগিতা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, পার্কের টিকিট কাউন্টারের পাশেই লেখা, ‘প্রবেশমূল্য ৫০ টাকা’। তবে সেখানে প্রবেশের ক্ষেত্রে ৭০ টাকা রাখা হয়। এ ব্যাপারে অনেকেই জেলা প্রশাসকের কাছে অভিযোগ করেছেন। এ ছাড়া পার্কের রাইডগুলোর বেশির ভাগ নষ্ট, পার্কের ভেতর নেই ভালো পরিবেশ। এলাকার লোকজন দীর্ঘদিন ধরে এসব অভিযোগ করে আসছিলেন।
নির্বাহী হাকিম আতিকুল ইসলাম বলেন, ‘শনিবার বিকেলে আমি দুজন পুলিশ সদস্যকে সঙ্গে নিয়ে সিভিল ড্রেসে পার্কে প্রবেশের জন্য টিকিট কাটতে যাই। আমাদের কাছে প্রতিটি টিকিট ৭০ টাকা চাওয়া হয়।’