মুজাহিদের সঙ্গে পরিবারের সাক্ষাৎ
একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতা-বিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডাদেশ পাওয়া জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের সঙ্গে গতকাল শুক্রবার তাঁর পরিবারের সদস্যরা ঢাকা কেন্দ্রীয় কারাগারে সাক্ষাৎ করেছেন।
মুজাহিদের সঙ্গে দেখা করতে গতকাল বেলা ১১টার কিছু আগে ঢাকা কেন্দ্রীয় কারাগারে যান তাঁর স্ত্রী তামান্না-ই-জাহান, তিন ছেলে আলী আহমেদ তাজজীদ, আলী আহমেদ তাহকীক, আলী আহমেদ মাবরুর ও মেয়ে তামরীন। কারাগার সূত্র বলেছে, তাঁরা প্রায় আধা ঘণ্টা কথা বলেন।
মুজাহিদের সঙ্গে দেখা করে বেলা সাড়ে ১১টার দিকে কারাগার থেকে বের হয়ে আসেন পরিবারের সদস্যরা। এ সময় মুজাহিদের স্ত্রী তামান্না-ই-জাহান সাংবাদিকদের বলেন, ইতিমধ্যে তিনি আইনজীবীদের মাধ্যমে রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করার জন্য নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, ন্যায়বিচার নিশ্চিত করা হলে তাঁর রিভিউ আবেদন মঞ্জুর হবে এবং তিনি বেকসুর খালাস পাবেন।
৩ অক্টোবর ঢাকা কেন্দ্রীয় কারাগারে মুজাহিদের সঙ্গে দেখা করেন তাঁর আইনজীবীরা। সেদিন সাক্ষাৎ শেষে আইনজীবীরা সাংবাদিকদের বলেন, মুজাহিদ তাঁদের রায় পুনর্বিবেচনার আবেদন করার প্রস্তুতি নিতে বলেছেন।